নান্দাইলে পুলিশের অভিযানে ছাত্রলীগ-আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার
ময়মনসিংহের নান্দাইলে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) ভোররাতে উপজেলার গাংগাইল ইউনিয়নের অরণ্যপাশা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক সাকিবুল হাসান বাবু (২৪), খারুয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক ও হালিউড়া গ্রামের রোমান মিয়া (৩২) এবং একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি স্বপন (৩৮)।
আরও পড়ুন: চকরিয়ায় আগুনে পুড়ে ছাই ১৫ দোকান
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। পরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
ওসি আজহারুল ইসলাম জানান, নান্দাইলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। দেশবিরোধী কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না।
আরও পড়ুন: মঠবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা
তিনি আরও জানান, উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।





