বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দল আর্জেন্টিনা: স্পিকার

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ন, ২৩ মে ২০২৬ | আপডেট: ৭:৩৬ অপরাহ্ন, ২৩ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় ফুটবল দল আর্জেন্টিনা। একই সঙ্গে আসন্ন বিশ্বকাপে দলটির সাফল্যও কামনা করেছেন তিনি।

শনিবার (২৩ মে) যশোরের হামিদপুরে শামস-উল-হুদা ফুটবল একাডেমিতে আয়োজিত ‘এএফসি গ্রাসরুট ফুটবল ডে ও ওয়ার্ল্ড ফুটবল ডে ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না থাকলে মিলবে না নিবন্ধন ও ফিটনেস সনদ

স্পিকার বলেন, “যখন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মিস্টার মার্সেলো বক্তব্য দিতে উঠলেন, তখন সবাই হাততালি দিয়েছেন। এটিই প্রমাণ করে যে আর্জেন্টিনা বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দল। আমরা বিশ্বকাপে তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।”

তিনি আরও বলেন, দেশের ক্রীড়াঙ্গনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে। গত দুই দশকে ক্রীড়াঙ্গনে রাজনীতির প্রভাব বেড়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, আগে ক্রীড়ামোদীরা খেলাধুলার উন্নয়নে কাজ করতেন, এখন অনেকে ব্যক্তিস্বার্থে আসেন।

আরও পড়ুন: বেনজীর আহমেদকে দেশে ফেরাতে প্রস্তুতি শেষ পর্যায়ে, ইউএইর সঙ্গে প্রত্যর্পণ প্রক্রিয়া এগোচ্ছে

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ব্যবসায়ী ও রাজনৈতিক প্রভাবের কারণে প্রকৃত ক্রীড়াপ্রেমীদের সংখ্যা কমে যাচ্ছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে খুলনা ও রাজশাহী বিভাগের প্রায় ৮০০ ক্ষুদে ফুটবলারের অংশগ্রহণে পুরো এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে।

স্পিকার তার ব্যক্তিগত স্মৃতিচারণ করে বলেন, যশোর তার প্রিয় শহরগুলোর একটি। তিনি যশোর ক্যান্টনমেন্টে দায়িত্ব পালন করেছেন এবং মুক্তিযুদ্ধের স্মৃতিও এ অঞ্চলের সঙ্গে জড়িয়ে আছে বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাবিথ আওয়াল। তিনি বলেন, দেশের তৃণমূল ফুটবল উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। ভালো খেলোয়াড়দের প্রশিক্ষণের জন্য আর্জেন্টিনা থেকে কোচ আনার পরিকল্পনার কথাও জানান তিনি।

তাবিথ আউয়াল বলেন, মেধাবী ফুটবলারদের ভবিষ্যতে আর্জেন্টিনায় প্রশিক্ষণের সুযোগ দেওয়ার বিষয়েও চিন্তা করা হচ্ছে।

অনুষ্ঠানে আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো চার্লোসও একাডেমির কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। শিশুদের অংশগ্রহণ ও আগ্রহ দেখে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এখান থেকেই বাংলাদেশের ভবিষ্যৎ ফুটবল তারকারা উঠে আসবে।