জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ন, ০২ জুন ২০২৬ | আপডেট: ১০:৩৫ অপরাহ্ন, ০২ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

সোমবার (২ জুন) জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে তিনি সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস. কাকৌরিস-কে পরাজিত করে বিজয় অর্জন করেন।

আরও পড়ুন: এক সম্পর্ক ভেঙে আরেক সম্পর্ক গড়বে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

নির্বাচনে মোট ১৯০টি ভোটের মধ্যে ড. খলিলুর রহমান ৯৯টি ভোট পান। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী আন্দ্রেয়াস এস. কাকৌরিস পান ৯১টি ভোট।

এর মাধ্যমে আগামী সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বৈশ্বিক এই ফোরামের নেতৃত্ব দেবে বাংলাদেশ। সভাপতি হিসেবে ড. খলিলুর রহমান এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন: শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী

তিনি বর্তমান সভাপতি আনালেনা বেয়ারবক-এর স্থলাভিষিক্ত হবেন। আনালেনা বেয়ারবক বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন।

নিউইয়র্ক সময় সকাল ১০টায় জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠিত আঞ্চলিক আবর্তন নীতির আওতায় ৮১তম অধিবেশনের সভাপতির পদটি এশিয়া-প্যাসিফিক গ্রুপের জন্য নির্ধারিত ছিল। এ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন বাংলাদেশের প্রার্থী ড. খলিলুর রহমান এবং সাইপ্রাসের বহুপাক্ষিকতা-বিষয়ক বিশেষ দূত রাষ্ট্রদূত আন্দ্রেয়াস কাকৌরিস।

বাংলাদেশের জন্য এই নির্বাচন কূটনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। এর ফলে আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে বৈশ্বিক পর্যায়ে দেশের ভূমিকা আরও জোরালোভাবে তুলে ধরার সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।