অনার্স থেকে বাংলা, ইতিহাস ও দর্শন বাদ দেওয়ার খবর গুজব: শিক্ষা মন্ত্রণালয়

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:২১ অপরাহ্ন, ০৯ জুন ২০২৬ | আপডেট: ২:২১ অপরাহ্ন, ০৯ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

স্নাতক (অনার্স) পর্যায় থেকে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় তুলে দেওয়া হচ্ছে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবিকে সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (৯ জুন) শিক্ষামন্ত্রীর একান্ত কর্মকর্তা নূরুল আফসার দীপু এ বিষয়ে গণমাধ্যমকে জানান, বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বা বিষয় বাতিলের বিষয়ে সরকার কিংবা শিক্ষা মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত নেয়নি।

আরও পড়ুন: শর্ত পূরণ করলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা: উপদেষ্টা

তিনি বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে যে তথ্য প্রচার করা হচ্ছে, তার কোনো সত্যতা নেই। শিক্ষা মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।”

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষাক্রম আধুনিকায়নের লক্ষ্যে বিভিন্ন পর্যায়ে সংস্কার ও পর্যালোচনার কাজ চলছে। তবে এ প্রক্রিয়ার অংশ হিসেবে অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস কিংবা দর্শনের মতো মৌলিক বিষয়গুলো বন্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই।

আরও পড়ুন: ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি

এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে না দেওয়ার আহ্বান জানিয়ে নূরুল আফসার দীপু বলেন, শিক্ষা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য জনগণকে শিক্ষা মন্ত্রণালয় ও সরকারের নির্ভরযোগ্য এবং আনুষ্ঠানিক সূত্র অনুসরণ করা উচিত।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ২০২৭ সালের শিক্ষাবর্ষকে সামনে রেখে নতুন শিক্ষাক্রম ও বিষয়ভিত্তিক কিছু সংস্কার প্রস্তাব নিয়ে কাজ চলছে। পাশাপাশি সময়োপযোগী কয়েকটি নতুন বিষয় অন্তর্ভুক্ত করার বিষয়ও বিবেচনায় রয়েছে। তবে বর্তমানে আলোচনায় থাকা কোনো প্রস্তাবেই বাংলা, ইতিহাস বা দর্শন বিষয়ে অনার্স শিক্ষা বন্ধ করার কথা উল্লেখ নেই।

সংশ্লিষ্টরা মনে করছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়াই তথ্য প্রচারের কারণে এ ধরনের বিভ্রান্তি তৈরি হচ্ছে। তাই শিক্ষা-সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারি সূত্রের তথ্যের ওপর নির্ভর করার পরামর্শ দিয়েছেন তারা।