১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন তারেক রহমান

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ন, ১৪ জুন ২০২৬ | আপডেট: ৯:৩৮ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কক্সবাজারে দিনব্যাপী সরকারি কর্মসূচিতে অংশ নিতে গিয়ে প্রায় ১৯৭ কিলোমিটার পথ নিজেই গাড়ি চালিয়ে অতিক্রম করেছেন বলে দাবি করা হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কক্সবাজার সফরকে কেন্দ্র করে। সফরটি ঘিরে কক্সবাজারে ব্যতিক্রমী এক জনসম্পৃক্ত পরিবেশ তৈরি হয় বলে জানা গেছে।

গতকাল (১৩ জুন) কক্সবাজারে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন দাবি করেন, ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে সফর শুরু করেন তারেক রহমান এবং সেখান থেকে একাধিক কর্মসূচিতে অংশ নিতে নিজেই গাড়ি চালান।

আরও পড়ুন: ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না থাকলে মিলবে না নিবন্ধন ও ফিটনেস সনদ

প্রেস সচিবের ভাষ্য অনুযায়ী, পিএমখালী ইউনিয়নের পাতলী খাল খনন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে তিনি নিজেই স্টিয়ারিং হাতে নেন। এরপর ডুলাহাজারা সাফারি পার্কসহ একাধিক স্থানে যান।

সফরকালে গাড়ির সামনে আসনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং পেছনের আসনে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রী হাসিনা আহমদ।

আরও পড়ুন: বেনজীর আহমেদকে দেশে ফেরাতে প্রস্তুতি শেষ পর্যায়ে, ইউএইর সঙ্গে প্রত্যর্পণ প্রক্রিয়া এগোচ্ছে

প্রতিবেদনে আরও বলা হয়, কক্সবাজারের বিভিন্ন সড়কে স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান এবং সফরজুড়ে তাকে একনজর দেখতে ভিড় জমান।

এ বিষয়ে অতীত প্রসঙ্গ টেনে উল্লেখ করা হয়, লন্ডনে অবস্থানকালে তিনি তার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-কে বিমানবন্দরে নিজে গাড়ি চালিয়ে পৌঁছে দিয়েছিলেন বলে দাবি করা হয়। দীর্ঘ সময় পর এই সফরে তুলনামূলক দীর্ঘ দূরত্ব নিজে গাড়ি চালানোর বিষয়টি আলোচনার জন্ম দিয়েছে।