সবাই সিলেটের কানাইঘাটের বাসিন্দা

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ন, ২১ জুন ২০২৬ | আপডেট: ৭:৪৮ অপরাহ্ন, ২১ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কাতারের আল-শাহানিয়া শহরের শামাল রোডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশিসহ মোট ছয়জন নিহত হয়েছেন। রোববার (২১ জুন) স্থানীয় সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পাঁচ বাংলাদেশিই সিলেট জেলার কানাইঘাট উপজেলার বাসিন্দা। তারা হলেন গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মোস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ। দুর্ঘটনায় আরও একজন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুন: মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দুর্ঘটনার পর নিহতদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক জানান, কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সমন্বয় করে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন: কত নম্বরে হবে বিসিএস ভাইভা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

এদিকে একসঙ্গে পাঁচ প্রবাসী বাংলাদেশির মৃত্যুর খবরে কাতারপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে সিলেটের কানাইঘাটে নিহতদের পরিবার-পরিজন ও স্বজনদের মধ্যেও গভীর শোক বিরাজ করছে।

দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।