ঢাকা–তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের
বাংলাদেশ ও ইরানের মধ্যে বাণিজ্য, পর্যটন এবং জনগণের যোগাযোগ আরও জোরদার করতে ঢাকা–তেহরান সরাসরি বিমান চলাচল চালুর প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির পক্ষ থেকে এ উদ্যোগের প্রতি আগ্রহও প্রকাশ করা হয়েছে। সোমবার (২২ জুন) জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রাহিমী জাহানাবাদী এ প্রস্তাব উত্থাপন করেন।
সাক্ষাতে রাষ্ট্রদূত বলেন, ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হলে দুই দেশের ব্যবসা-বাণিজ্য, পর্যটন এবং সাংস্কৃতিক বিনিময় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। পাশাপাশি জনগণের মধ্যে যোগাযোগও আরও সহজ ও কার্যকর হবে।
আরও পড়ুন: রাজশাহীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে
বৈঠকে বাংলাদেশ ও ইরানের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। ইরানের রাষ্ট্রদূত ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ১ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় ইরান থেকে সাশ্রয়ী মূল্যে পেট্রোকেমিক্যাল পণ্য, ইউরিয়া সার এবং বিভিন্ন খাদ্যসামগ্রী আমদানির সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে বাংলাদেশের বিশ্বমানের তৈরি পোশাক ইরানের বাজারে আরও বেশি রপ্তানির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
আরও পড়ুন: বাংলাদেশ-চীনের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে: রিজভী
সংশ্লিষ্টদের মতে, ঢাকা–তেহরান সরাসরি বিমান যোগাযোগ চালু হলে ব্যবসায়ী, পর্যটক ও বিনিয়োগকারীদের যাতায়াত সহজ হবে। এর ফলে দুই দেশের অর্থনৈতিক, বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক নতুন মাত্রা পাবে এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হবে।





