ঢাকায় বিমানের জরুরি অবতরণ, চিকিৎসাধীন ভারতীয় নাগরিকের মৃত্যু
ঢাকায় বিমানের জরুরি অবতরণের পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী ভারতীয় নাগরিক অঞ্জনা ভৌমিকের (৫৬) মরদেহ সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টা ২৫ মিনিটে বিজিবির উপস্থিতিতে বাংলাদেশ ইমিগ্রেশন কর্তৃপক্ষ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে মরদেহটি হস্তান্তর করে।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, গ্রেপ্তার বহিষ্কৃত ছাত্রদল নেতা
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর অঞ্জনা ভৌমিক ভারতের আগরতলা থেকে কলকাতায় চিকিৎসার উদ্দেশ্যে এয়ার এম্বুলেন্স যোগে যাত্রা করছিলেন। যাত্রাপথে বিমানের দরজায় ত্রুটি দেখা দেওয়ায় জরুরি ভিত্তিতে বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে তাঁকে চিকিৎসার জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পরবর্তীতে তাঁর মরদেহ স্বজনদের সঙ্গে তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে নিয়ে আসা হয়। মৃত ব্যক্তি ও তাঁর সঙ্গে থাকা স্বজনদের পাসপোর্ট না থাকায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশন তাঁদের ট্রাভেল পারমিট প্রদান করে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে বিজিবির উপস্থিতিতে বাংলাদেশ ইমিগ্রেশন কর্তৃপক্ষের মাধ্যমে মরদেহটি ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: পটুয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মৃত অঞ্জনা ভৌমিক ভারতের আসাম রাজ্যের আজেরা এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম লালু ভৌমিক। মরদেহ হস্তান্তরের সময় তাঁর সঙ্গে ছিলেন বোন শান্তা ভৌমিক (৪৮) এবং বোনের ছেলে দীপ জ্যোতি (১৮)। তাঁরা দুজনই ভারতের আসাম রাজ্যের বাসিন্দা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে মরদেহ হস্তান্তরের কার্যক্রম সম্পন্ন হয়।





