ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুর পদত্যাগ

Any Akter
শাহরিয়ার ইসলাম
প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ন, ২৫ জুলাই ২০২৬ | আপডেট: ৩:৩৭ অপরাহ্ন, ২৫ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সংগঠনের আদর্শ, সততা ও অভ্যন্তরীণ নীতি বজায় রাখার স্বার্থে তিন কেন্দ্রীয় নেতার পদত্যাগপত্র গ্রহণ ও অব্যাহতি প্রদান করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। অন্য রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার কারণে 'স্বার্থের সংঘাত' (Conflict of Interest) এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

পদত্যাগ গৃহীত হওয়া নেতারা হলেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু। একই কারণ ও সাংগঠনিক বাস্তবতায় সহ-সভাপতি নাজিফা জান্নাতকেও নিজ দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: আজ সচিব সভা, সরকারের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা

ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বর্তমান রাজনৈতিক পটভূমিতে বিদায়ী নেতারা একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়েছেন। সংগঠনের নীতিনির্ধারকদের মতে, একই সময়ে দুটি ভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মে দায়িত্ব পালন করলে মতাদর্শিক বৈষম্য ও সাংগঠনিক দ্বিমত তৈরি হতে পারে, যা উভয় দলের নীতি ও জবাবদিহিতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ ধরনের পরিস্থিতি এড়াতে মাঈন আহমেদ ও মেঘমল্লার বসু নিজ থেকেই পদত্যাগপত্র জমা দেন। পরবর্তীতে কেন্দ্রীয় কমিটি তাঁদের যুক্তি ও রাজনৈতিক অবস্থান পর্যালোচনা করে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র গ্রহণের সিদ্ধান্ত নেয়। একই নীতি অনুসরণ করে নাজিফা জান্নাতকেও সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

ছাত্র ইউনিয়ন স্পষ্ট করেছে যে, একই সাথে দুটি রাজনৈতিক সংস্থায় সিদ্ধান্ত গ্রহণকারীর ভূমিকা পালন করা তাদের সাংগঠনিক কাঠামোর পরিপন্থী। বিদায়ী নেতাদের রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের সাফল্য কামনা করার পাশাপাশি সংগঠনটির প্রতিষ্ঠালগ্ন থেকে চলে আসা আদর্শ বজায় রাখার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়।

সংগঠনটি জানায়, শিক্ষার অধিকার রক্ষা, অসাম্প্রদায়িকতা, বৈষম্যহীন সমাজ গঠন ও গণতান্ত্রিক সংগ্রামের ঐতিহাসিক লড়াইয়ে ছাত্র ইউনিয়ন আগের মতোই অটল থাকবে।