জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে সমুন্নত রাখতে কাজ করছে বর্তমান সরকার: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও স্পিরিটকে সমুন্নত রেখে একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন (এমপি)। শনিবার (১ আগস্ট) বিকেল ৪টায় চট্টগ্রাম নগরীর এলজিইডি ভবনে ‘আমরা জুলাই যোদ্ধা’, চট্টগ্রাম জেলা কমিটির সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, "হাজারো শহীদের আত্মত্যাগ এবং অসংখ্য রাজপথের লড়াকু যোদ্ধাদের অদম্য সাহসিকতার ওপর দাঁড়িয়েই আজকের এই মুক্ত ও নতুন বাংলাদেশ। এ রক্তস্নাত বিপ্লব আমাদের শেখায় যে, জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে কোনো স্বৈরাচারই টিকতে পারে না। আমাদের প্রধান ও পবিত্র দায়িত্ব হলো শহীদের রক্তের মূল্যায়নে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক এবং সুশাসিত রাষ্ট্র গঠন করা। তরুণ প্রজন্মের এই ঐতিহাসিক অবদানকে চিরস্মরণীয় করে রাখতে এবং গণমানুষের স্বপ্নের বাংলাদেশ গড়ার লড়াইয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।"
আরও পড়ুন: হাদির হত্যা মামলার আসামি ও শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতি বাংলাদেশের আহ্বান
উক্ত সৌজন্য সাক্ষাৎকালে আন্দোলন-সংগ্রামে আহত ও লড়াই করা ‘জুলাই যোদ্ধা’দের চিকিৎসাসেবা, পুনর্বাসন এবং তাঁদের সার্বিক কল্যাণ-সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে ভবিষ্যতে এসব কল্যাণমূলক কাজে সমন্বিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় ‘আমরা জুলাই যোদ্ধা’, চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি ওমর ফারুক সাগর, সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম আবীর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহিদ হোসেন, সহ-সভাপতি মিনার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ফোরকান, নাইম ও জসীম উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: চুপ্পু-এস আলমসহ ৩৮ জনের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ
এছাড়াও সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সাহেদ, রাকিব ও মারুফ; দপ্তর সম্পাদক রিদুয়ান সিদ্দিকী, অর্থ সম্পাদক মোহাম্মদ সোহেল, ধর্ম বিষয়ক সম্পাদক ওসমান কাসেমী, সহ-অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নাঈম, এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত সাব্বিরের পিতা মোহাম্মদ ইউসুফসহ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।





