দীর্ঘ প্রতীক্ষার অবসান: ঢাকা-গোপালগঞ্জ রুটে চালু হচ্ছে নতুন ট্রেন
দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল সোমবার (১০ আগস্ট) ঢাকা-গোপালগঞ্জ রুটে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। রাজধানীর সঙ্গে সরাসরি রেল যোগাযোগ স্থাপনের মধ্য দিয়ে গোপালগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে।
স্থানীয়দের প্রত্যাশা, নতুন এই রেলসেবা কম খরচে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতের সুযোগ তৈরির পাশাপাশি এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনীতিতে নতুন গতি আনবে।
আরও পড়ুন: ভূমিকম্প মোকাবিলায় ভারী সরঞ্জাম মালিকদের সঙ্গে ফায়ার সার্ভিসের প্রস্তুতিমূলক সভা
একসময় রাজধানীর সঙ্গে সরাসরি রেল যোগাযোগ ছিল গোপালগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি। এতদিন সড়কপথে দুর্ঘটনার ঝুঁকি, যানজট, অতিরিক্ত ভাড়া ও সময়ের অপচয় মেনে নিয়েই ঢাকায় যাতায়াত করতে হতো জেলার বাসিন্দাদের। নতুন ট্রেন সার্ভিস চালুর ফলে যাতায়াত ব্যবস্থায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন যাত্রীরা।
শুধু গোপালগঞ্জ নয়, এ রুটের পার্শ্ববর্তী জেলা পিরোজপুর ও বাগেরহাটের মানুষও এই রেলসেবার সুফল পাবেন।
আরও পড়ুন: হাদির হত্যা মামলার আসামি ও শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতি বাংলাদেশের আহ্বান
স্থানীয়রা জানান, কৃষিপ্রধান গোপালগঞ্জে প্রচুর শাক-সবজি ও দেশীয় মাছ উৎপাদন হয়। এসব পণ্য কম খরচে ট্রেনে করে রাজধানী ঢাকায় নিয়ে গিয়ে বেশি দামে বিক্রি করতে পারবেন কৃষকরা। এতে এলাকার অর্থনৈতিক অবস্থার উন্নয়ন হবে বলে প্রত্যাশা তাদের।
ট্রেন পরীক্ষক পল্লব কান্তি বিশ্বাস বলেন, বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, ১০ আগস্ট বিকেল ৩টা ১৩ মিনিটে ‘অভিযাত্রী কমিউটার’ ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ট্রেনটি সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে গোপালগঞ্জে পৌঁছাবে। ফিরতি ট্রেন গোপালগঞ্জ থেকে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে রাত ১০টা ২৫ মিনিটে।
ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে ট্রেনটির আনুষ্ঠানিক যাত্রা শুরুর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সর্বস্তরের মানুষ। স্থানীয়দের আশা, এই সেবা শুধু যোগাযোগের ভোগান্তি কমাবে না, বরং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি আনবে।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল কবীর রাতুল বলেন, ট্রেন চালু হওয়ায় শিক্ষার্থীরা অনেক খুশি। এখন থেকে প্রতি বৃহস্পতিবার ১৪৫ টাকা ভাড়ায় বাড়িতে যাওয়া সম্ভব হবে। দুদিন পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আবার ফিরে আসা যাবে। আগে বাসের ভাড়া বেশি হওয়ায় এটি সম্ভব হতো না।
এ উপলক্ষে জেলার কাশিয়ানী উপজেলার মহেশপুর নতুন রেলস্টেশনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গোপালগঞ্জ-০১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।





