শিক্ষার্থীদের বাড়িতে একটি করে গাছ লাগানোর আহ্বান আমিনুল হকের
রাজধানীর মিরপুরে পল্লবী ডিগ্রি কলেজ ও মাজেদুল ইসলাম মডেল হাই স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, তারেক রহমানের নির্দেশনায় সারা দেশে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে পল্লবী ডিগ্রি কলেজ ও মাজেদুল ইসলাম মডেল হাই স্কুলে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে গাছের চারা রোপণ করেন আমিনুল হক। এ সময় তিনি শিক্ষার্থীদের নিজ নিজ বাড়িতে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
আমিনুল হক বলেন, গাছ শুধু পরিবেশের ভারসাম্যই রক্ষা করে না, এটি মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর ও নিরাপদ পরিবেশ উপহার দিতে এখন থেকেই সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, প্রত্যেকে যদি নিজের বাড়ির সামনে বা আশপাশে অন্তত একটি করে গাছ লাগায়, তাহলে সম্মিলিতভাবে এর বড় ইতিবাচক প্রভাব পড়বে। শিক্ষার্থীদের ছোট ছোট উদ্যোগই ভবিষ্যতে একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সহায়ক হবে।
আরও পড়ুন: বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী
বৃক্ষরোপণ কর্মসূচির আগে প্রতিমন্ত্রী আমিনুল হক কোমলমতি শিশু ও শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান। এ সময় শিক্ষার্থীদের মধ্যে তাঁকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনেক শিক্ষার্থী তাঁর সঙ্গে হাত মেলানো ও শুভেচ্ছা বিনিময়ের জন্য আগ্রহ প্রকাশ করে। আমিনুল হকও শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
কর্মসূচিতে বিদ্যালয় ও কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





