উচ্চশিক্ষার মান বাড়াতে আন্তর্জাতিক সহযোগিতায় জোর দিচ্ছে সরকার: ইউজিসি সদস্য

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৭:৪৪ অপরাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের উচ্চশিক্ষার মান উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল-মামুন।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অক্সফোর্ড একিউএ আয়োজিত ‘অক্সফোর্ড একিউএ লিডারশিপ কনফারেন্সে’ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: ফেনীতে নিহত যুবদল নেতার পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার

ড. আবদুল্লাহ আল-মামুন বলেন, উচ্চশিক্ষার মান বাড়াতে বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ ও দ্বৈত ডিগ্রি চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে কাজের সুযোগ দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে বিদেশি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, যৌথ ও দ্বৈত ডিগ্রি কর্মসূচি মেধাপাচার কমাতে ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে বিদেশে থাকা মেধাবীদের দেশে ফিরে কাজ করার সুযোগও তৈরি হতে পারে।

আরও পড়ুন: অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

বাংলাদেশকে আঞ্চলিক উচ্চশিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারত্ব বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান ইউজিসির এই সদস্য।

তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য বাংলাদেশে আকৃষ্ট করার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস ও স্টাডি সেন্টার পরিচালনার সুযোগ দেওয়ার বিষয়ে বিদ্যমান আইন ও বিধিবিধান পর্যালোচনা করা হচ্ছে।

ড. মামুন জানান, এ বিষয়ে ব্রিটিশ কাউন্সিল, মার্কিন দূতাবাসসহ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করা হচ্ছে।

উচ্চশিক্ষার প্রস্তুতি মাধ্যমিক পর্যায় থেকেই শুরু করা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, শুধু পরীক্ষায় ভালো ফল করাই যথেষ্ট নয়। শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তা, স্বাধীনভাবে শেখা, গবেষণা ও সমস্যা সমাধানের দক্ষতা গড়ে তুলতে হবে।

উচ্চশিক্ষা ও কর্মক্ষেত্রের চাহিদার মধ্যে সমন্বয় বাড়াতে স্কুল, শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয় ও নিয়োগদাতাদের মধ্যে যোগাযোগ জোরদারের পরামর্শ দেন ইউজিসি সদস্য।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা গড়ে তুলতে ইংলিশ মিডিয়ামসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন পর্যায়ের মধ্যে সমন্বয় থাকা জরুরি। সরকারের উদ্ভাবন ও স্টার্টআপ কর্মসূচিতে ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদের যুক্ত করা হয়েছে বলেও জানান তিনি।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। মূল বক্তা ছিলেন অক্সফোর্ড একিউএর সাবেক প্রধান পরিচালন কর্মকর্তা ও মেরিডিয়ান ট্রাস্টের ট্রাস্টি মার্ক বেডলো।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস, ব্রিটিশ হাইকমিশনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ডিরেক্টর সাকিব এরশাদ এবং অক্সফোর্ড একিউএর হেড অব কোয়ালিফিকেশনস জেনিফার ডাগান।