মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন স্পিকার

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ৮:৪৬ পূর্বাহ্ন, ২৯ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। ছয় দিনের সরকারি সফরে পাকিস্তানে থাকা উচ্চপর্যায়ের বাংলাদেশি সংসদীয় প্রতিনিধিদলকে সঙ্গে নিয়ে শনিবার করাচিতে জিন্নাহর সমাধিসৌধ পরিদর্শন করেন তিনি। শনিবার (২৮ নভেম্বর) ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

হাইকমিশনের তথ্যমতে, স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে বাংলাদেশি প্রতিনিধিদল করাচিতে মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিসৌধে যায়। সেখানে তারা পুষ্পস্তবক অর্পণ করেন এবং পাকিস্তানের প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

আরও পড়ুন: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

এর আগে শুক্রবার (২৭ নভেম্বর) সিন্ধু প্রাদেশিক পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিদলকে স্বাগত জানান পরিষদের স্পিকার সৈয়দ আওয়াইস কাদির শাহ।

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফরে দেশটিতে গেছেন বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল। প্রতিনিধি দলে রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী, সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, মুহাম্মদ নাজিবুর রহমান, নিলুফার চৌধুরী মনি এবং বাংলাদেশ-পাকিস্তান সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি নাসের রহমান। এ ছাড়া বাংলাদেশ দূতাবাসের উপহাইকমিশনার মুহাম্মদ সাকিব সাদাকাতও প্রতিনিধি দলের সঙ্গে রয়েছেন।

আরও পড়ুন: নাশকতা ঠেকাতে সর্বাত্মক প্রস্তুতি

ইসলামাবাদ ও লাহোরে সরকারি কর্মসূচি শেষ করে করাচিতে পৌঁছান প্রতিনিধিদলের সদস্যরা। বিমানবন্দরে সিন্ধু প্রাদেশিক পরিষদের স্পিকারের পক্ষে তাদের অভ্যর্থনা জানান প্রাদেশিক মন্ত্রী রিয়াজ হুসেন শাহ শিরাজি, সংসদ সদস্য জাম শাব্বির আলী খান ও মুহাম্মদ ইউসুফ বালুচ। এ সময় পরিষদের সচিব জি এম উমর ফারুক, বিশেষ সচিব সৈয়দ হাসান আলী শাহ এবং মহাপরিচালক ইরফান আহমেদ উপস্থিত ছিলেন।

সফরকালে সিন্ধু প্রাদেশিক পরিষদ পরিদর্শনের পাশাপাশি প্রাদেশিক রাজনৈতিক নেতৃত্ব ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে বাংলাদেশি প্রতিনিধিদলের।

এসব বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সংসদীয় সম্পর্ক আরও জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।