টেকনাফে মানবপাচারের আস্তানায় সেনাবাহিনীর অভিযান, নারী-শিশুসহ উদ্ধার ৮ রোহিঙ্গা
কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় মানবপাচারের উদ্দেশ্যে জিম্মি করে রাখা ব্যক্তিদের উদ্ধারে বিশেষ অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ আভিযানিক দল। এ সময় নারী, পুরুষ ও আট মাস বয়সী এক শিশুসহ মোট আটজনকে উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের খবর পেয়ে মানবপাচারকারী চক্রের সদস্যদের পাশাপাশি কয়েকজন ভুক্তভোগীও পালিয়ে যেতে সক্ষম হন।
সেনাবাহিনীর নেতৃত্বে আজ রাত সাড়ে ১২টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার লেঙ্গুরবিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ওই এলাকায় ২০ থেকে ২৫ জনকে জিম্মি করে রাখার তথ্য পাওয়া যায়। তাদের সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে সেখানে আটকে রাখা হয়েছিল বলে গোয়েন্দা তথ্যে উল্লেখ ছিল।
আরও পড়ুন: লালমনিরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় মেডিকেল টেকনোলজিস্টসহ প্রাণ গেল ৩ জনের
অভিযানকালে যৌথ আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে মানবপাচারকারী চক্রের সদস্য এবং কয়েকজন ভুক্তভোগী পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে পাঁচজন নারী, দুজন পুরুষ ও আট মাস বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া আটজনই রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য। তারা এফডিএমএন ক্যাম্প-১৮ ও ক্যাম্প-২০-এর বাসিন্দা। অভিযান শেষে উদ্ধার ব্যক্তিদের স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরও পড়ুন: জয়পুরহাটে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে আলু ক্ষেত ও পাকা ধান
টেকনাফ ও আশপাশের উপকূলীয় এলাকা দিয়ে সমুদ্রপথে মানবপাচারের ঝুঁকি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা গুরুত্বপূর্ণ। বিশেষ করে রোহিঙ্গা জনগোষ্ঠীর নারী ও শিশুদের পাচারকারীদের ফাঁদ থেকে সুরক্ষায় এ ধরনের অভিযান তাৎপর্যপূর্ণ।





