সংস্কার ছাড়া নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে: জামায়াত নেতা তাহের

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ন, ০৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ১২:১৯ অপরাহ্ন, ০৭ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে শঙ্কা নেই। তবে নির্বাচন যেন সবার কাছে গ্রহণযোগ্য হয়, সে বিষয়ে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নেওয়ার পর দেশে ফিরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: নান্দাইলের জুলাই যোদ্ধা শহীদ জুবাইদের পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলেন ছাত্রদল

ডা. তাহের বলেন, প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন করলে সেটি প্রশ্নবিদ্ধ হবে। জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সংস্কারের মধ্য দিয়েই নির্বাচন হওয়া জরুরি।

তিনি আরও বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়া দরকার। একটি গণতান্ত্রিক ও জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার দেশের জন্য অত্যন্ত জরুরি। অতীতের অভিজ্ঞতা বলছে, একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনই সমস্যার সমাধান দিতে পারে।

আরও পড়ুন: ভারত সব দলকে পকেটে ঢুকিয়েছে, একটি দলকে পারেনি: জামায়াত আমির

ভারতে অবস্থান নিয়ে প্রশ্নের জবাবে জামায়াতের এই নেতা বলেন, আমি জাতিসংঘ সাধারণ অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে গিয়েছিলাম, পাশাপাশি চিকিৎসার জন্য কিছুদিন অবস্থান করেছি। কিন্তু আমার নামে যে গুজব ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। এখন তো এআই দিয়ে ভিডিও বানিয়ে যেকোনো কিছু দেখানো যায়—মানুষ কিন্তু এসব বোঝে।

এর আগে, ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদে সরকারি প্রতিনিধিদলের অংশ হিসেবে প্রধান উপদেষ্টার সঙ্গে নিউইয়র্কে যান পাঁচ রাজনৈতিক নেতা। তারা হলেন—বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।