ঢাকা-১৫ আসন থেকে মনোনয়নপত্র নিলেন জামায়াতের আমির
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা-১৫ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আরও পড়ুন: নান্দাইলের জুলাই যোদ্ধা শহীদ জুবাইদের পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলেন ছাত্রদল
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
আরও পড়ুন: ভারত সব দলকে পকেটে ঢুকিয়েছে, একটি দলকে পারেনি: জামায়াত আমির
ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও ঢাকা-১৩ এবং ঢাকা-১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার ঢাকা-১৫ আসনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৯ ডিসেম্বর।
রিটার্নিং কর্মকর্তার তথ্য অনুযায়ী, তফসিল ঘোষণার পর গত ১১ ডিসেম্বর থেকে এ পর্যন্ত ঢাকা-১৫ আসন থেকে বিএনপির শফিকুল ইসলাম খান মিল্টনসহ অন্তত এক ডজন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এদিকে একই দিনে ঢাকা-১৩ আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর চেয়ারম্যান ববি হাজ্জাজও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ঢাকা-১৩ ও ঢাকা-১৫—এই দুই আসন মিলিয়ে এখন পর্যন্ত মোট ২১ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।





