কয়েকজনের পদত্যাগে দলে কোনো প্রভাব পড়বে না: আখতার হোসেন

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ন, ২৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৪:৪৬ অপরাহ্ন, ২৮ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন নেতাকর্মীর পদত্যাগে দলে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, “কয়েকজনের পদত্যাগে দলে কোনো প্রভাব পড়বে না। যা কিছু হচ্ছে, তা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই হচ্ছে।”

জামায়াতে ইসলামীর সঙ্গে জোট ও আসন সমঝোতা নিয়ে গুঞ্জনকে কেন্দ্র করে দলের ভেতরে যে আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে, সে প্রসঙ্গে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার সিএমএম আদালতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন: বাংলাদেশ নয় ‘সবার আগে যুক্তরাষ্ট্র’ নীতিতে সরকার চলছে: আনু মোহাম্মদ

আখতার হোসেন বলেন, এনসিপির দলীয় সিদ্ধান্ত ও রাজনৈতিক অবস্থান স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই নির্ধারণ করা হবে। তিনি আরও জানান, জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতা বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

তিনি বলেন, “জামায়াতের সঙ্গে বহু বিষয়ে ঐকমত্য কমিশনের মাধ্যমে সমঝোতা হয়েছে। তবে আসন সমঝোতা নিয়ে আলোচনা এখনও শেষ হয়নি। সিদ্ধান্ত হলে তা আনুষ্ঠানিকভাবেই জানানো হবে।”

আরও পড়ুন: সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

এর আগে সকালে আখতার হোসেন আদালতে হাজির হন। আওয়ামী লীগ সরকারের সময় দায়ের করা ভিন্ন ভিন্ন অভিযোগের দুটি মামলায় শুনানি শেষে আদালত তাকে জামিন দেন।

আখতার হোসেনের জামিনের বিষয়টি নিশ্চিত করে তার আইনজীবী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল ফারুক বলেন, “আজ শাহবাগ থানায় দায়ের করা বিগত সরকারের আমলের দুটি মামলায় জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।”

তিনি আরও জানান, আখতার হোসেনের বিরুদ্ধে মোট ছয়টি মামলা ছিল। এর মধ্যে কয়েকটি মামলায় তিনি ইতোমধ্যে খালাস পেয়েছেন। আজ নতুন করে আরও দুটি মামলায় জামিন পেয়েছেন তিনি।