রাজধানীতে নিজ বাসায় জামায়াত নেতা খুন

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৮:২৩ অপরাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর শের-ই-বাংলা নগর দক্ষিণ থানার পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হয়েছেন জামায়াত নেতা ডা. আনোয়ার উল্লাহ। সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে বাসার গ্রিল কেটে দুজন যুবক ভেতরে ঢুকে তাকে গলাটিপে খুন করেছে বলে জানা গেছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রথমে বারান্দার গ্রিল এবং পরে একটি কক্ষের জানালার গ্রিল কেটে দুই ব্যক্তি ডা. আনোয়ার উল্লাহর বাসায় প্রবেশ করেন। প্রায় দুই ঘণ্টা পর তাদের বের হতে দেখা গেছে। যে গ্রিল কেটে তারা প্রবেশ করেছে, সেটিই ছিল মূল প্রবেশপথ। পরিবারের দাবি, এটি নিছক চুরি নয়, বরং একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

আরও পড়ুন: নান্দাইলের জুলাই যোদ্ধা শহীদ জুবাইদের পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলেন ছাত্রদল

পুলিশ জানিয়েছে, এটি চুরি নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা তদন্তে উঠে আসবে।

ডিএমপির ডিসি (মিডিয়া) তালেবুর রহমান জানান, এ ঘটনায় এখনো পর্যন্ত কোনও মামলা রুজু হয়নি। মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি, ঘটনার আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে।

আরও পড়ুন: ভারত সব দলকে পকেটে ঢুকিয়েছে, একটি দলকে পারেনি: জামায়াত আমির

ঢাকা মহানগর উত্তর জামায়াতের প্রচার বিভাগ জানায়, শের-ই-বাংলা নগর দক্ষিণ থানার পশ্চিম রাজাবাজার ওয়ার্ডের সম্মানিত সহ-সভাপতি মোঃ আনোয়ার উল্লাহ (৬৫) কে হত্যার অভিযোগ পাওয়া গেছে। দলটি দ্রুততম সময়ের মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

জামায়াত জানায়, নিহত ডা. আনোয়ার উল্লাহর গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার লক্ষণপুর গ্রামে। তিনি ৩ সন্তানের জনক ছিলেন। ন্যায়, সত্য ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে তার ভূমিকা বলিষ্ঠ ছিল।