ভ্যাপসা গরমের মধ্যে ঢাকায় বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ন, ২৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ৩:২৬ অপরাহ্ন, ২৯ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানী ঢাকায় ভ্যাপসা গরমের মধ্যে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকায় বজ্রসহ হালকা বৃষ্টি হতে পারে। এ সময়ে দিনের তাপমাত্রা সামান্য কমারও সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও বজ্রসহ হালকা বৃষ্টি হতে পারে। এ সময় দক্ষিণ-দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ।

আরও পড়ুন: আট বিভাগেই বজ্রবৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

এদিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সূর্যাস্ত হবে বিকেল ৫টা ২১ মিনিটে। আগামীকাল শুক্রবার সূর্যোদয় হবে সকাল ৬টা ৩ মিনিটে।

বৃষ্টিপাত হলে সাময়িকভাবে গরমের অনুভূতি কমতে পারে। তবে বৃষ্টির পরিমাণ ও স্থায়িত্বের ওপর আবহাওয়ার পরিবর্তন নির্ভর করবে।

আরও পড়ুন: শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত