প্রায় দুই দশক পর খুলনায় জনসভা মঞ্চে তারেক রহমান
নির্বাচনি জনসভায় অংশ নিতে প্রায় দুই দশক পর খুলনায় এসেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাকে বরণ করে নিতে প্রস্তুত করা হয়েছে জনসভার মঞ্চ এবং নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সোমবার (২ ফেব্রুয়ারি) নগরীর প্রভাতী স্কুল মাঠে তারেক রহমানের আগমনকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা গেছে। সকাল থেকেই সভাস্থলে নেতাকর্মীদের ঢল নামতে শুরু করে।
দলীয় সূত্রে জানা গেছে, এই জনসভা থেকে খুলনার ছয়টি আসনসহ দক্ষিণাঞ্চলের আরও কয়েকটি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। একই সঙ্গে তিনি খুলনাসহ দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের রূপরেখা তুলে ধরবেন।
আরও পড়ুন: যুবদলের নবনির্বাচিত কেন্দ্রীয় নেতৃত্বকে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ যুবদলের ফুলেল শুভেচ্ছা
খুলনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘আজকের জনসভায় বিএনপির চেয়ারম্যান খুলনার তিন জেলা ও মহানগরের ধানের শীষের সব প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন। পাশাপাশি খুলনা ও আশপাশের এলাকার উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরবেন।’
নিরাপত্তা প্রসঙ্গে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোহিদুজ্জামান জানান, জনসভা ঘিরে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘খালিশপুর থানা পুলিশ, কেএমপি পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আমরা সজাগ রয়েছি।’
আরও পড়ুন: বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদল সহ সভাপতি ডাঃ আউয়ালের নেতৃত্বে মিছিল
দীর্ঘদিন পর খুলনায় তারেক রহমানের সরাসরি অংশগ্রহণে এই জনসভাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে বাড়তি আলোচনার সৃষ্টি হয়েছে।





