জামায়াতের বিজয় নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

Sadek Ali
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ন, ০৩ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১১:১৯ পূর্বাহ্ন, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জামায়াতের বিজয় নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জনগণের বিজয়ের ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, কোনো দল নয়, দেশের ১৮ কোটি মানুষের বিজয়ই তার প্রত্যাশা।

আরও পড়ুন: নান্দাইলের জুলাই যোদ্ধা শহীদ জুবাইদের পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলেন ছাত্রদল

শনিবার (৩ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার কটিয়াদি সরকারি কলেজ মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, তিনি জামায়াতে ইসলামীর বিজয় চান না, বরং দেশের ১৮ কোটি মানুষের বিজয় দেখতে চান। তিনি বলেন, জনগণের বিজয় হলে সেটি পুরো জাতির জন্য কল্যাণ বয়ে আনবে।

আরও পড়ুন: ভারত সব দলকে পকেটে ঢুকিয়েছে, একটি দলকে পারেনি: জামায়াত আমির

তিনি উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে বলেন, আগামী ১২ তারিখ পর্যন্ত জনতার রায়কে সম্মান জানাতে হবে। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যিনি নির্বাচিত হবেন, তাকে অভিনন্দন জানানোর জন্য তারা প্রস্তুত। তবে কোনোভাবেই অনিয়ম বা চোরাই পথে নির্বাচন হতে দেওয়া হবে না বলেও তিনি সতর্ক করেন।

জামায়াত আমির আরও বলেন, দেশের উন্নয়নের জন্য সব ধরনের দুর্নীতির পথ বন্ধ করা হবে। তিনি অভিযোগ করেন, দেশের বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছে। পাচার হওয়া সেই অর্থ উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দেশের উন্নয়নে ব্যয় করা হবে।

কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামান রঞ্জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক জিএস সাঈদ বিন হাবিবসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

সভা শেষে ডা. শফিকুর রহমান কিশোরগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের প্রার্থীদের হাতে দলীয় প্রতীক তুলে দিয়ে ভোট প্রার্থনা করেন।