বরিশাল যাচ্ছেন তারেক রহমান, সমাবেশস্থলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:১৪ পূর্বাহ্ন, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৯:৩৫ পূর্বাহ্ন, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দীর্ঘ ২০ বছরের প্রতীক্ষার পর অবশেষে বরিশাল আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ঐতিহাসিক বেলস পার্ক মাঠে জনসভা করার কথা রয়েছে তার। ভোর থেকেই বরিশালসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে পৌঁছতে শুরু করেছেন। কেউ কেউ ফজর নামাজ শেষে মাঠে আসা শুরু করেছেন।

দুপুর ১২টায় অনুষ্ঠিতব্য জনসভায় বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত থাকবেন। বাবুগঞ্জ থানার জাহাঙ্গীর নগর ইউনিয়ন থেকে আগত নাসিমা বেগম বলেন, “ভোরে ফজরের নামাজ পড়েছি। আমাদের ব্যক্তিগত চাওয়া নেই, শুধু চাই দেশটা সুন্দর হোক।” একই প্রত্যাশার কথা জানান কাকলী আক্তারও। পিরোজপুরের নেছারাবাদ থেকে লঞ্চে এসে ভোরে উপস্থিত যুবদল কর্মী সাইদুল ইসলাম বলেন, “আমাদের নেতা শহরে আসছেন, তাই ঘরে থাকাই সম্ভব নয়।”

আরও পড়ুন: আমিরের পর এবার জামায়াত সেক্রেটারির এক্স অ্যাকাউন্ট হ্যাকড

সমাবেশস্থলে প্রস্তুতি সম্পূর্ণ: পূর্ব পাশে বিশাল মঞ্চ, নারী নেতাকর্মীদের জন্য আলাদা স্থান ও কলাপাতা বিছানো হয়েছে। শহর ও সমাবেশস্থল ছেয়ে গেছে ব্যানার, ফেস্টুন ও তোরণে।

২০০৮ সালের পর দীর্ঘ ১৬ বছর পর এই মাঠে এবার তারেক রহমানের আগমনে দক্ষিণাঞ্চলে উৎসবের আমেজ বিরাজ করছে। স্থানীয় সূত্র জানায়, বরিশাল বিভাগের ২১টি আসনের মধ্যে দুটি আসন বিএনপি মিত্রদের জন্য ছেড়ে দিয়েছে। পটুয়াখালী-৪ আসনে গণঅধিকার পরিষদের নুরুল হক নুর এবং ভোলা-১ আসনে বিজেপির আন্দালিব রহমান পার্থ ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন। এছাড়া পিরোজপুর ও পটুয়াখালীর কয়েকটি আসনে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের প্রার্থীদের সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে।

আরও পড়ুন: ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইসরাইল

ঝালকাঠি জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন ব্যাপারী আশাবাদ ব্যক্ত করে বলেন, “বরিশাল বিভাগের ৯০ শতাংশ আসনে ধানের শীষের প্রার্থীরা জয়ী হবেন।”

দলীয় কর্মসূচি অনুযায়ী, বেলা ১১টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে বরিশাল পৌঁছবেন তারেক রহমান। দুপুর ১২টায় সমাবেশে যোগ দিয়ে ১টার দিকে ফরিদপুরের উদ্দেশে রওনা হবেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার হাত ধরে বরিশালে যে উন্নয়ন হয়েছে, তারেক রহমান সেই ধারাকে পূর্ণতা দেবেন।

উল্লেখ্য, তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালে বরিশাল সফর করেছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে।