আমিরের পর এবার জামায়াত সেক্রেটারির এক্স অ্যাকাউন্ট হ্যাকড
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করার অভিযোগ উঠেছে। দুর্বৃত্তরা হ্যাকিংয়ের মাধ্যমে তার আইডি ব্যবহার করে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে জানিয়েছে দলটি।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি জানান, ষড়যন্ত্রমূলক পরিকল্পনার অংশ হিসেবে একের পর এক দলের শীর্ষ নেতাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সাইবার হামলা চালানো হচ্ছে।
আরও পড়ুন: নান্দাইলের জুলাই যোদ্ধা শহীদ জুবাইদের পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলেন ছাত্রদল
তিনি আরও বলেন, মঙ্গলবার রাত ৮:৩১ মিনিটের দিকে দুষ্কৃতিকারীরা অ্যাকাউন্টে ডিভাইস হ্যাকিংয়ের মাধ্যমে একটি পোস্ট দেন। কেন্দ্রীয় সোশ্যাল মিডিয়া টিম বিষয়টি নজরে আনার পর তা সঙ্গে সঙ্গে ডিলিট করা হয়। এ ঘটনায় দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে।
এছাড়া এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দুষ্কৃতিকারীরা যতই ষড়যন্ত্র করুক না কেন, ইনশাল্লাহ খুব শীঘ্রই তাদের পরিচয় জাতির সামনে প্রকাশিত হবে। যারা এমন গুরুতর অপরাধে জড়িত, তাদের ক্ষমতা থাকুক বা না থাকুক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।
আরও পড়ুন: ভারত সব দলকে পকেটে ঢুকিয়েছে, একটি দলকে পারেনি: জামায়াত আমির





