ঢাকায় বিএনপির কেন্দ্রীয় জনসভা বাতিল
ঢাকায় পূর্বঘোষিত কেন্দ্রীয় নির্বাচনি জনসভা বাতিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর পরিবর্তে দলটির চেয়ারপারসন তারেক রহমান আগামী ৮ ও ৯ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন নির্বাচনি এলাকায় বক্তব্য দেবেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।
আরও পড়ুন: যুবদলের নবনির্বাচিত কেন্দ্রীয় নেতৃত্বকে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ যুবদলের ফুলেল শুভেচ্ছা
তিনি বলেন, বৃহস্পতিবার একটি কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। তবে পরবর্তীতে দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করে ৮ ফেব্রুয়ারির কেন্দ্রীয় জনসভা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পরিবর্তে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকার বিভিন্ন নির্বাচনি এলাকায় সরাসরি বক্তব্য দেবেন। আপাতত রাজধানীতে কেন্দ্রীয় জনসভা আয়োজনের পরিকল্পনা থেকে সরে এসেছে দলটি।
এ সময় ছাত্র রাজনীতিতেও নতুন সংযুক্তির ঘোষণা দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু বিএনপিতে যোগ দেন। একই সঙ্গে কেন্দ্রীয় হল সংসদের বিভিন্ন পর্যায়ের নির্বাচিত কয়েকজন ছাত্রনেতাও ছাত্রদলে অন্তর্ভুক্ত হয়েছেন।
আরও পড়ুন: বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদল সহ সভাপতি ডাঃ আউয়ালের নেতৃত্বে মিছিল





