জামায়াত নেতারা মনে করেন জান্নাত তাদের পৈতৃক সম্পত্তি: রাশেদ খান
ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির কঠোর সমালোচনাও করেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঝিনাইদহ সদর উপজেলার পান্নাতলা বাজার এলাকায় নির্বাচনী গণসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন: নান্দাইলের জুলাই যোদ্ধা শহীদ জুবাইদের পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলেন ছাত্রদল
রাশেদ খান অভিযোগ করেন, জামায়াত দীর্ঘদিন ধরে ধর্মকে ব্যবহার করে রাজনীতি করছে। তিনি বলেন, কিছু নেতা এমন ধারণা দেন যেন জান্নাত তাদের নিজস্ব সম্পত্তি এবং তারা চাইলে কাউকে তা দিতে পারবেন—এ ধরনের বক্তব্য মানুষের ধর্মীয় অনুভূতিকে ভুল পথে পরিচালিত করে।
তিনি আরও বলেন, ধর্মের দোহাই দিয়ে ভোট চাইলে সাধারণ মানুষ বিভ্রান্ত হতে পারে। রাজনৈতিক দলগুলোকে মানুষের কাছে গিয়ে তাদের কাজ ও পরিকল্পনা তুলে ধরার পরামর্শ দিয়ে তিনি বলেন, ধর্মকে রাজনৈতিক প্রচারণার অংশ বানানো উচিত নয়।
আরও পড়ুন: ভারত সব দলকে পকেটে ঢুকিয়েছে, একটি দলকে পারেনি: জামায়াত আমির
রাশেদ খান দাবি করেন, ধর্মের অপব্যবহারের কারণেই ধীরে ধীরে জনগণের একটি অংশ জামায়াত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিচ্ছে না, তবে দলটির বিশাল ভোটার ভিত্তি রয়েছে। তিনি মনে করেন, এসব ভোটারের বড় অংশ বিএনপিকে সমর্থন করতে পারে। তার ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে বিএনপি একটি নিরাপদ রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হতে পারে।





