শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল রোববার দুই শীর্ষ রাজনৈতিক নেতার বাসায় সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
শনিবার সন্ধ্যায় বিএনপির বিশ্বস্ত একটি সূত্র জানায়, সন্ধ্যা ৭টায় তিনি শফিকুর রহমান-এর বাসভবনে যাবেন। এরপর রাত ৮টায় নাহিদ ইসলাম-এর বাসায় সৌজন্য সাক্ষাৎ করবেন।
আরও পড়ুন: সাংস্কৃতিক বাহিনী ছাড়া আন্দোলন সফল হয় না: রিজভী
দলীয় সূত্রের ভাষ্য, ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে তারেক রহমান ইতোমধ্যে উদ্যোগ নিয়েছেন। ভিন্ন রাজনৈতিক ধারার নেতাদের বাসায় গিয়ে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সমঝোতা ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির বার্তা দেওয়ার চেষ্টা করছেন তিনি। দীর্ঘদিনের বিভাজন ও প্রতিহিংসার রাজনীতির বিপরীতে এটি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে বলেও মনে করছে দলীয় মহল।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে এককভাবে ২০৯টি আসনে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জোটের শরিকরা পেয়েছে আরও তিনটি আসন। ফলে আগামী সংসদে বিএনপি নেতৃত্বাধীন জোটের আসনসংখ্যা দাঁড়াচ্ছে ২১২।
আরও পড়ুন: ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা
এদিকে বিপুল বিজয়ের পর তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এক বার্তায় তিনি বলেন, জনগণের সুস্পষ্ট রায় দেশের সাংবিধানিক ধারাবাহিকতা ও গণতান্ত্রিক উত্তরণে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।





