পদ ছাড়ছেন জোনায়েদ সাকি

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৫১ পূর্বাহ্ন, ০৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ৮:৫১ পূর্বাহ্ন, ০৪ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন জোনায়েদ সাকি। দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বাচ্চু ভূঁইয়া শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে শনিবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় রাজধানীর হাতিরপুলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে গণসংহতি আন্দোলন। সংবাদ সম্মেলনে জোনায়েদ সাকি নিজে উপস্থিত থেকে তার সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত জানাবেন।

আরও পড়ুন: নান্দাইলের জুলাই যোদ্ধা শহীদ জুবাইদের পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলেন ছাত্রদল

দলীয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধান সমন্বয়কারীর দায়িত্ব সংক্রান্ত বিষয়ে অবহিত করতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য দেওয়ান আব্দুর রশিদ নীলু, মনির উদ্দীন পাপ্পু, ফিরোজ আহমেদ, তাসলিমা আখতার ও হাসান মারুফ রুমীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, গত বছরের ৩ নভেম্বর ঢাকার সাভারে অনুষ্ঠিত গণসংহতি আন্দোলনের ৫ম জাতীয় সম্মেলনে জোনায়েদ সাকি পুনরায় প্রধান সমন্বয়কারী নির্বাচিত হন। ওই সম্মেলনে ৫৫ সদস্যের একটি নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়।

আরও পড়ুন: ভারত সব দলকে পকেটে ঢুকিয়েছে, একটি দলকে পারেনি: জামায়াত আমির

২০০২ সালের ২৯ আগস্ট ‘জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তোলার আহ্বান’ নিয়ে যাত্রা শুরু করে গণসংহতি আন্দোলন। দীর্ঘ প্রক্রিয়া শেষে ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের নিবন্ধন পায় দলটি।

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের শরিক হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন জোনায়েদ সাকি। পরবর্তীতে তাকে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হলেও পরে অর্থ মন্ত্রণালয় থেকে সরিয়ে শুধু পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্বে রাখা হয়।