সংস্কারের বকেয়া রেখেই নতুন বছরের হালখাতা খুলেছে সরকার: নাহিদ ইসলাম

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ন, ১৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ৯:৩৫ পূর্বাহ্ন, ১৫ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পহেলা বৈশাখের প্রেক্ষাপটে জাতীয় জীবনের বকেয়া সংস্কার দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে রাজধানীর বাংলামোটরের নেভি গলিতে এনসিপির আয়োজিত পহেলা বৈশাখের সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: নান্দাইলের জুলাই যোদ্ধা শহীদ জুবাইদের পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলেন ছাত্রদল

নাহিদ ইসলাম বলেন, পহেলা বৈশাখে হালখাতা খোলার মাধ্যমে যেমন বকেয়া পরিশোধের ঐতিহ্য রয়েছে, তেমনি জাতীয় জীবনের সব বকেয়াও পরিশোধ করা প্রয়োজন। তিনি উল্লেখ করেন, দেশের জনগণ এখনও প্রত্যাশিত সংস্কার থেকে বঞ্চিত রয়েছে।

সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি নতুন বাংলাদেশের প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় তিনি শহীদ শরিফ ওসমান বিন হাদিকে স্মরণ করে বলেন, নতুন রাষ্ট্রব্যবস্থা গঠনে তরুণ প্রজন্ম রক্ত ও জীবন উৎসর্গ করেছে।

আরও পড়ুন: ভারত সব দলকে পকেটে ঢুকিয়েছে, একটি দলকে পারেনি: জামায়াত আমির

তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থান ও নির্বাচনের পর নতুন সরকার গঠিত হলেও কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন হয়নি। ফলে জনগণের কাছে ‘রক্তের ঋণ’ এখনও পরিশোধিত হয়নি।

নাহিদ ইসলাম দাবি করেন, গণভোটের রায় অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে হবে। যারা এ প্রক্রিয়াকে অমান্য বা বিলম্বিত করার চেষ্টা করছে, তাদের দ্রুত অবস্থান পরিবর্তনের আহ্বান জানান তিনি।

এছাড়া অন্তর্বর্তী সরকারের জারি করা গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের সমালোচনা করে তিনি বলেন, এতে জনগণের সঙ্গে ‘বেইমানি’ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দ্রুত এসব অধ্যাদেশ নতুনভাবে বিল আকারে এনে আইনে পরিণত করা হবে।