বিএনপির সব প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে: রিজভী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ন, ২৭ মে ২০২৬ | আপডেট: ৫:৫৩ অপরাহ্ন, ২৭ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বর্তমান সরকারের ১০০ দিনের কার্যক্রম মূল্যায়ন করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের চেষ্টা করছে এবং বিএনপির দেওয়া সব প্রতিশ্রুতিও পূরণ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

বুধবার (২৭ মে) দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: ফ্যাসিবাদী শক্তি পুরোপুরি নির্মূল হয়নি: জামায়াত আমির

রুহুল কবির রিজভী বলেন, “সাদা চোখে যা দেখছি, তারা প্রতিশ্রুতিগুলো পালনের জন্য চেষ্টা করছে। এটি একটি গণমুখী সরকার গড়ে ওঠার প্রচেষ্টা। বিএনপির দেওয়া সব প্রতিশ্রুতি পূরণ হবেই। শুরুটা সুন্দর হয়েছে, শেষটাও সুন্দর হবে আশা করি।”

গার্মেন্টস খাতের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, শ্রমিকদের বোনাস ও ভাতা পরিশোধ করা হয়েছে এবং এ ক্ষেত্রে সরকার গার্মেন্টস মালিকদেরও সহযোগিতা করেছে।

আরও পড়ুন: এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

ঈদযাত্রা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, প্রতিবছর ঈদকে কেন্দ্র করে সাধারণ মানুষকে নানা ভোগান্তির মুখে পড়তে হয়। তবে এবার পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, সরকারপ্রধানের কর্মদক্ষতা প্রশাসনের বিভিন্ন স্তরে ইতিবাচক প্রভাব ফেলছে এবং এতে শৃঙ্খলা অনেকটাই ফিরছে।

গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা প্রসঙ্গে রিজভী বলেন, গণতন্ত্রে মতপ্রকাশের অধিকার রয়েছে, তবে কুৎসা রটানোকে মতপ্রকাশের স্বাধীনতা বলা যায় না।

ভারতের সাম্প্রতিক ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, প্রতিবেশী দেশটি নিরপেক্ষ অবস্থান থেকে সরে যাচ্ছে। ভিন্ন ধর্মাবলম্বীদের ওপর নির্যাতন এবং বাংলাদেশে ‘পুশিং’ করার ঘটনাকে তিনি ন্যাক্কারজনক বলে উল্লেখ করেন।

রাজধানীতে মেট্রোরেলের নিচে পশুর হাট বসানো নিয়ে সৃষ্ট বিতর্কের বিষয়ে রিজভী বলেন, এ ঘটনা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। তবে প্রশাসন ইতোমধ্যে এ বিষয়ে ব্যবস্থা নিয়েছে বলেও জানান তিনি।

বর্তমান সরকারকে জবাবদিহিমূলক উল্লেখ করে তিনি বলেন, জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কোনো কাজ সরকার মেনে নেবে না। এ ধরনের ঘটনায় দলীয় সংশ্লিষ্টতা থাকলেও কাউকে ছাড় দেওয়া হবে না।

আগামী ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী সফলভাবে পালনের ঘোষণা দেন রিজভী।

এছাড়া রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনাকে মর্মান্তিক উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনার কারণ তদন্ত করে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা করা হচ্ছে।