ইবিতে অনুমতি ছাড়া নির্মাণাধীন হলের সামনে ব্যানার টাঙানোয় তদন্ত কমিটি গঠন

Shahrier Islam Pallab
ইবি প্রতিনিধি
প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ৮:৩৬ পূর্বাহ্ন, ২৯ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নির্মাণাধীন নতুন ছাত্র হলের সামনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ব্যানার টাঙানোর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ৩ ডিসেম্বরের মধ্যে তদন্ত সম্পন্ন করে উপাচার্যের কাছে প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশ সূত্রে জানা যায়, গত ২৪ নভেম্বর লালন শাহ হলের উত্তর পাশে নির্মাণাধীন ছাত্র হলের সামনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিনা অনুমতিতে ব্যানার টাঙানোর ঘটনা ঘটে। এ ঘটনায় প্রক্টরিয়াল বডির সুপারিশের পরিপ্রেক্ষিতে বিষয়টি সুষ্ঠুভাবে তদন্তের লক্ষ্যে উপাচার্য তিন সদস্যের কমিটি গঠন করেছেন।

কমিটির আহ্বায়ক করা হয়েছে লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. ফখরুল ইসলামকে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সভাপতি মোহাম্মদ আনোয়ারুল ওহাব এবং সহকারী প্রক্টর মো. আতিকুর রহমান।

আরও পড়ুন: প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ফল ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ

অফিস আদেশে বলা হয়েছে, কমিটিকে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন, জড়িতদের শনাক্তকরণ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র আচরণবিধির ৯ নম্বর ধারা অনুযায়ী করণীয় বিষয়ে সুস্পষ্ট সুপারিশসহ আগামী ৩ ডিসেম্বরের মধ্যে উপাচার্যের কাছে প্রতিবেদন জমা দিতে হবে।

উল্লেখ্য, গত ২৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন নতুন আবাসিক হলটির নাম শহীদ সাজিদ আব্দুল্লাহর নামে করার দাবিতে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করেন শিক্ষার্থীরা। হলটির সামনে আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থীরা ‘শহীদ সাজিদ আব্দুল্লাহ হল’ নামকরণের দাবি জানান। এ সময় ইসলামী ছাত্র আন্দোলন, শাখা ছাত্রশিবির ও শাখা ছাত্রশক্তির নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: প্রশাসনিক দায়িত্ব মানেই রাজনৈতিক আদর্শে একাত্মতা নয়: অধ্যাপক মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া