এনসিপির পদযাত্রায় ককটেল বিস্ফোরণের প্রতিবাদে ঢাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ
সাভারে এনসিপির জুলাই পদযাত্রায় ককটেল বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় ছাত্রশক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। রোববার (৬ জুলাই) রাত ১১টা ১৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জাতীয় ছাত্রশক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতারা অংশ নিয়ে সাভারের ঘটনায় তীব্র নিন্দা জানান। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী।
আরও পড়ুন: সাংস্কৃতিক বাহিনী ছাড়া আন্দোলন সফল হয় না: রিজভী
বক্তারা অভিযোগ করেন, বিদ্যুৎ বিভ্রাটের সুযোগ নিয়ে বিরোধী দলের কর্মসূচিতে অতর্কিত হামলা চালানো হয়েছে, যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ইঙ্গিত বহন করে। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
এ সময় তারা রাজনৈতিক কর্মসূচিতে হামলা ও সহিংসতার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।





