মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েও করা যাবে হজযাত্রী নিবন্ধন
আসন্ন ২০২৬ সালের হজে গমনেচ্ছুদের নিবন্ধনের সুবিধার্থে পাসপোর্টের মেয়াদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এখন থেকে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েও হজযাত্রী নিবন্ধন করা যাবে।
মঙ্গলবার (৭ অক্টোবর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ বিষয়ে একটি জরুরি পত্র জারি করা হয়।
আরও পড়ুন: হজক্যাম্পে চালু হলো লাগেজ র্যাপিং সেবা
পত্রে জানানো হয়েছে, ২০২৬ সালের হজ কার্যক্রমে অংশ নিতে ইচ্ছুক ব্যক্তিদের নিবন্ধনের ক্ষেত্রে পাসপোর্টের মেয়াদোত্তীর্ণের তারিখ সাময়িকভাবে শিথিল করা হয়েছে। তবে এই সুবিধা গ্রহণ করতে হলে একটি নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে।
নির্দেশনায় বলা হয়েছে, ভিসা ইস্যুর জন্য পিআইডি (পার্সোনাল আইডেন্টিফিকেশন) নির্ধারণের সময় মেয়াদসম্বলিত বা হালনাগাদ পাসপোর্ট সিস্টেমে আপডেট করতে হবে। যদি হালনাগাদ পাসপোর্ট তথ্য সিস্টেমে যুক্ত না করা হয়, তবে সংশ্লিষ্ট হজযাত্রীর ভিসা ইস্যু করা হবে না।
আরও পড়ুন: রফিকুল ইসলাম মাদানীর ছেলে নাঈম মারা গেছেন
সৌদি সরকারের ঘোষিত হজ রোডম্যাপ অনুযায়ী, ২০২৬ সালের হজযাত্রী নিবন্ধন কার্যক্রম আগামী ১২ অক্টোবর শেষ হবে।
হজযাত্রীদের সুবিধার্থে মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত নিবন্ধন কার্যক্রমে গতি আনবে এবং প্রক্রিয়াটি আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।





