আজ মহানবমী, আগামীকাল প্রতিমা বিসর্জনে শেষ হবে দুর্গোৎসব
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আজ মহানবমী। মঙ্গলবার (২০ অক্টোবর) দেশের বিভিন্ন পূজামণ্ডপে দেবী দুর্গার আরাধনা, অঞ্জলি ও প্রসাদ বিতরণসহ নানা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করছেন ভক্তরা। মহানবমীর পূজা শেষ হলেই শুরু হবে দেবীর বিদায়ের ক্ষণগণনা। আগামীকাল বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব।
নবমী তিথিতে দেবী দুর্গার মহাআরতি, বলিদান ও নবমী হোমের আয়োজন করা হয়। এদিন ১০৮টি নীলপদ্ম দিয়ে দেবীর পূজা করার রীতিও প্রচলিত রয়েছে। পূজা শেষে ভক্তরা অঞ্জলি নিবেদন করেন এবং প্রসাদ বিতরণ করা হয়। উৎসবের আনন্দের পাশাপাশি দেবীর বিদায়ের সময় ঘনিয়ে আসায় পূজামণ্ডপগুলোতে বিরহের আবহও তৈরি হয়।
আরও পড়ুন: রমজান ও ঈদুল ফিতর কবে, সম্ভাব্য সময় জানাল আরব আমিরাত
হিন্দুধর্মীয় বিশ্বাস ও শাস্ত্রীয় বর্ণনা অনুযায়ী, দেবী দুর্গা রুদ্ররূপ ধারণ করে মহিষাসুরকে বধ করেন। বিভিন্ন পৌরাণিক কাহিনিতে চণ্ড, মুণ্ড ও রক্তবীজের মতো অসুরদের সঙ্গে দেবীর যুদ্ধের বর্ণনাও রয়েছে।
দুর্গাপূজার অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন সন্ধিপূজা। অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট এবং নবমী তিথির প্রথম ২৪ মিনিট—এই ৪৮ মিনিটের সময়কে সন্ধিক্ষণ বলা হয়। এ সময় দেবী চামুণ্ডার আরাধনা করা হয়। প্রচলিত রীতি অনুযায়ী, সন্ধিপূজায় ১০৮টি মাটির প্রদীপ জ্বালানো এবং ১০৮টি পদ্মফুল দেবীর চরণে নিবেদন করা হয়।
আরও পড়ুন: ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
শনিবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছিল পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব। মহানবমীর পর আগামীকাল বুধবার বিজয়া দশমীতে পূজার আনুষ্ঠানিকতা শেষে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। এর মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গাপূজা।
হিন্দুধর্মীয় বিশ্বাস অনুযায়ী, বিজয়া দশমীতে দেবী দুর্গা কৈলাসে ফিরে যান। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ভক্তরা দেবীকে বিদায় জানাবেন এবং আগামী বছর আবার তাঁর আগমনের অপেক্ষায় থাকবেন।





