২৭ নভেম্বর বায়তুল মোকাররমে জুমার খুতবা দেবেন মুফতি তাকি উসমানি

Shahrier Islam Pallab
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ৫:৫৬ পূর্বাহ্ন, ১৪ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ সফরে আগামী ২৭ নভেম্বর শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার খুতবা দেবেন মুসলিম বিশ্বের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মুফতি মুহাম্মদ তাকি উসমানি। এদিন জুমার নামাজের আগে মুসল্লিদের উদ্দেশে বিশেষ বয়ানও পেশ করবেন তিনি। দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত তাঁর এ কর্মসূচি চলবে।

বুধবার (১১ নভেম্বর) মুফতি তাকি উসমানির বাংলাদেশ সফরের হালনাগাদ কর্মসূচি প্রকাশ করেন সফরের প্রধান সমন্বয়ক ও রাজধানীর শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ। তার স্বাক্ষরিত কর্মসূচিতে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুন: শুক্রবার সারা দিন যে ৩টি গুরুত্বপূর্ণ দোয়া বেশি বেশি পড়বেন

কর্মসূচি অনুযায়ী, আগামী ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন মুফতি তাকি উসমানি। এ সময় ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে একাধিক ধর্মীয় সম্মেলন ও অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। আগামী ২২ নভেম্বর রাজধানীর কাওলা নামাপাড়ায় শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে আয়োজিত ১৫ সালা দস্তারবন্দি ও আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন মুফতি তাকি উসমানি। ২৩ নভেম্বর জামিয়া আরাবিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি সম্মেলনে এবং ২৪ নভেম্বর চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় যাওয়ার কর্মসূচি রয়েছে তার। ২৫ নভেম্বর সিলেট আলিয়া মাঠে উলামা সম্মেলনে এবং ২৬ নভেম্বর বেফাক ও হাইআ আয়োজিত উলামা সম্মেলনে অংশ নেবেন তিনি। ২৭ নভেম্বর শুক্রবার দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত বায়তুল মোকাররমে জুমার খুতবা ও বয়ান দেবেন। একই দিন বাদ আসর কেরানীগঞ্জের জামিয়া হাকিমুল উম্মতে ইসলাহী সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে তার। সফরের শেষ দিন ২৮ নভেম্বর বাদ মাগরিব জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ীতে দরসে বুখারি দেওয়ার কর্মসূচি রয়েছে।

মুফতি মুহাম্মদ তাকি উসমানি পাকিস্তানের দারুল উলুম করাচির মহাপরিচালক এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সভাপতি। ইসলামি ফিকহ, হাদিস ও ইসলামি অর্থনীতি বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে তার পরিচিতি রয়েছে। তিনি পাকিস্তানের সুপ্রিম কোর্টের শরিয়াহ আপিল বেঞ্চের সাবেক বিচারপতিও।

আরও পড়ুন: রমজান শুরু হতে আর কত দিন বাকি, জানা গেল সম্ভাব্য তারিখ