স্যান্টনার-রাচিন ঝড়ে লঙ্কানদের বিদায়, ৬১ রানে জিতল নিউজিল্যান্ড

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৫:৪০ পূর্বাহ্ন, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৫:৪০ পূর্বাহ্ন, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে দিনের একমাত্র ম্যাচটি ছিল স্বাগতিক শ্রীলঙ্কা–এর জন্য বাঁচা-মরার লড়াই। তবে সেই পরীক্ষায় উতরে যেতে পারেনি লঙ্কানরা। মিচেল স্যান্টনারের ঝোড়ো ব্যাটিং এবং রাচিন রবীন্দ্রর দুর্দান্ত বোলিংয়ে ৬১ রানের বড় জয় তুলে নেয় নিউজিল্যান্ড। এতে বিশ্বকাপ থেকে ছিটকে গেল শ্রীলঙ্কা।

এ জয়ের ফলে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠেছে নিউজিল্যান্ড। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইংল্যান্ড। ১ পয়েন্ট নিয়ে তিনে আছে পাকিস্তান। আর টানা দুই হারে তলানিতে অবস্থান স্বাগতিক শ্রীলঙ্কার।

আরও পড়ুন: পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে সবার আগে সেমিতে ইংল্যান্ড

১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় লঙ্কানরা। কিউই পেসার ম্যাট হেনরির তোপে পাওয়ার প্লেতেই ফেরেন দুই ওপেনার। প্রথম বলেই শূন্য রানে আউট হন পাথুম নিশাঙ্কা। এরপর চারিথ আসালাঙ্কাও বেশিক্ষণ টিকতে পারেননি।

মাঝের ওভারগুলোতে নিজের স্পিন জাদুতে ম্যাচ থেকে শ্রীলঙ্কাকে কার্যত ছিটকে দেন রাচিন রবীন্দ্র। একে একে চার ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে দেন এই বাঁহাতি স্পিনার। কুশল মেন্ডিস (১১), পাভান রত্নায়েক (১০), দাসুন শানাকা (৩) ও দুসান হেমন্ত (৩) দ্রুত বিদায় নেন।

আরও পড়ুন: রেকর্ড গড়ে জিম্বাবুয়েকে হারালো ওয়েস্ট ইন্ডিজ

কামিন্দু মেন্ডিস (৩১) ও দুনিথ ভেল্লালাগে (২৯) কিছুটা প্রতিরোধ গড়লেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১০৭ রানেই থামে শ্রীলঙ্কা।

নিউজিল্যান্ডের হয়ে চার উইকেট নেন রাচিন রবীন্দ্র, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার সেরা বোলিং। দুটি উইকেট পান ম্যাট হেনরি।

এর আগে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠান শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা। শুরুতে দ্রুত রান তুললেও মাঝের ওভারে গতি হারায় কিউইরা। রাচিন (৩২) ও গ্লেন ফিলিপস (১৮) কিছুটা লড়াই করেন।

শেষ চার ওভারে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন অধিনায়ক মিচেল স্যান্টনার ও কোল ম্যাককঞ্চি। দুজন মিলে ৮৪ রানের জুটি গড়েন। ২৬ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংস খেলেন স্যান্টনার, আর ২৩ বলে ৩১ রানে অপরাজিত থাকেন ম্যাককঞ্চি। ফলে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৮ রান তোলে নিউজিল্যান্ড।

শ্রীলঙ্কার হয়ে মহেশ থিকসানা ও দুশমান্থা চামিরা নেন তিনটি করে উইকেট।