শেষ ওভারের নাটকীয়তায় কলকাতাকে হারাল লখনৌ, নায়ক মুকুল

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৯:৫৯ পূর্বাহ্ন, ১০ এপ্রিল ২০২৬ | আপডেট: ৯:৫৯ পূর্বাহ্ন, ১০ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রায় নিশ্চিত হারের ম্যাচে অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘটিয়ে লখনৌ সুপার জায়ান্টস-কে জয় এনে দিলেন ২১ বছর বয়সী মুকুল চৌধুরী। কলকাতা নাইট রাইডার্স-এর বিপক্ষে শেষ ওভারের রোমাঞ্চে ৩ উইকেটের জয় তুলে নেয় দলটি।

বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেন্স-এ অনুষ্ঠিত ম্যাচে জয়ের জন্য শেষ ৪ ওভারে লখনৌর দরকার ছিল ৫৪ রান, হাতে ছিল মাত্র ৩ উইকেট। এমন কঠিন সমীকরণও সহজ করে ফেলেন তরুণ ব্যাটার মুকুল।

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে হারিয়ে এগিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ

শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৪ রান। চাপের মুহূর্তে বৈভব অরোরার করা বলকে দৃষ্টিনন্দন ‘হেলিকপ্টার’ শটে বাউন্ডারির বাইরে পাঠিয়ে ম্যাচ নিজের করে নেন তিনি। শেষ পর্যন্ত ২৭ বলে ২ চার ও ৭ ছক্কায় অপরাজিত ৫৪ রান করেন মুকুল।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে কলকাতা ১৮১ রানের সংগ্রহ দাঁড় করায়। দলের হয়ে অজিঙ্কা রাহানে ৪১, অঙ্ক্রিশ রঘুবংশী ৪৫ এবং রভম্যান পাওয়েল ৩৯ রান করেন।

আরও পড়ুন: ১৪ বছর পর রিয়ালকে হারাল বায়ার্ন মিউনিখ

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে লখনৌ। মিচেল মার্শ (১৫), এইডেন মার্করাম (২২) ও ঋশভ পান্ত (১০) দ্রুত ফিরলে ম্যাচে পিছিয়ে পড়ে তারা।

তবে ‘ইম্প্যাক্ট ক্রিকেটার’ হিসেবে নামা আয়ুশ বাদোনি ৩৪ বলে ৫৪ রানের ইনিংস খেলে দলকে লড়াইয়ে রাখেন। তার বিদায়ের পর ম্যাচের নিয়ন্ত্রণ নেন মুকুল এবং শেষ দিকে ঝড় তুলে জয় নিশ্চিত করেন।

এই জয়ে তিন ম্যাচে দ্বিতীয় জয় তুলে নিল লখনৌ, অন্যদিকে টানা হতাশায় ডুবল কলকাতা।