বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি নির্বাচিত তামিম ইকবাল
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পেলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। পরিচালনা পর্ষদের নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হওয়ার পর পরিচালকদের ভোটে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি।
রোববার (৭ জুন) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বিসিবির নির্বাচনে ক্লাব ক্যাটাগরিতে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক পদে জয়লাভ করেন তামিম ইকবাল। পরে নবনির্বাচিত পরিচালকদের সমর্থনে তিনি বোর্ড সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।
আরও পড়ুন: মার্টিনেজ ও সিমিওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা
এর আগে গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দিয়ে তামিম ইকবালকে সভাপতি করে একটি অ্যাডহক কমিটি গঠন করেছিল। এবার নির্বাচনের মাধ্যমে তিনি পূর্ণাঙ্গভাবে বিসিবির শীর্ষ পদে অধিষ্ঠিত হলেন।
নির্বাচনে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা।
আরও পড়ুন: মিসরকে হারিয়ে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসী ব্রাজিল
ভোটের ফলাফলে দেখা যায়, তামিম ইকবালের পর দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট পেয়েছেন সাইদ ইব্রাহিম আহমেদ ও ইশরাফিল খসরু। মাসুদুজ্জামান পেয়েছেন ৭০ ভোট এবং ফয়সাল ইয়াসির পেয়েছেন ৬৮ ভোট।
এছাড়া ফাহিম সিনহা ও শানিয়ান তানিম ৬৬টি করে ভোট পেয়েছেন। আসিফ রাব্বানী পেয়েছেন ৬৪ ভোট, মির্জা ইয়াসির আব্বাস ৬৩ ভোট, রফিকুল ইসলাম বাবু ৫৩ ভোট এবং ড. শামীম পেয়েছেন ৪১ ভোট।
ক্লাব ক্যাটাগরিতে মোট ৭৬টি ভোটের মধ্যে ৭৪টি ভোট কাস্ট হয়।
অন্যদিকে, নির্বাচনে পরাজিত চার প্রার্থীর মধ্যে বোরহানুল পাপ্পু পেয়েছেন ৪০ ভোট, আমজাদ হোসেন ৩২ ভোট, ফয়জুর রহমান মিতু ২৩ ভোট এবং মেজর ইমরোজ আহমেদ পেয়েছেন ২০ ভোট।
তামিম ইকবালের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন যাত্রা শুরু হওয়ায় দেশের ক্রিকেটাঙ্গনে নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে।





