প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে গোলের নতুন ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৯:৪৫ পূর্বাহ্ন, ১৩ জুন ২০২৬ | আপডেট: ৯:৪৫ পূর্বাহ্ন, ১৩ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ দুর্দান্ত এক জয় তুলে নিয়ে নতুন ইতিহাসের জন্ম দিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে পরাজিত করে বিশ্বকাপের এক ম্যাচে নিজেদের সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছে মার্কিনরা।

এর আগে বিশ্বকাপের কোনো আসরে এক ম্যাচে চার গোল করার কৃতিত্ব দেখাতে পারেনি যুক্তরাষ্ট্র। তাই এই জয় শুধু তিন পয়েন্ট নয়, বরং দেশটির ফুটবল ইতিহাসেও বিশেষ স্থান করে নিয়েছে।

আরও পড়ুন: তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার

ম্যাচটি ঘিরে গ্যালারিতেও ছিল তারকাদের উপস্থিতি। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, বাস্কেটবল কিংবদন্তি কারিম আব্দুল জাব্বার, ফুটবল আইকন ডেভিড বেকহ্যাম এবং হলিউড তারকা লিওনার্দো ডি ক্যাপ্রিও ও টম ক্রুজসহ অনেককেই দেখা গেছে স্টেডিয়ামে।

খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কোচ মরিসিও পচেত্তিনোর শিষ্যরা। ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। ক্রিস্টিয়ান পুলিসিকের তৈরি আক্রমণ ঠেকাতে গিয়ে প্যারাগুয়ের ডিফেন্ডার বোবাদিয়া আত্মঘাতী গোল করে বসেন।

আরও পড়ুন: অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ

এরপর যুক্তরাষ্ট্রের আক্রমণের ধার আরও বাড়তে থাকে। ফ্লোরিয়ান বালোগানের একটি গোল অফসাইডের কারণে বাতিল হলেও কিছুক্ষণ পরই তিনি দলের ব্যবধান দ্বিগুণ করেন। পুলিসিকের নিখুঁত পাস কাজে লাগিয়ে গোল করেন এই ফরোয়ার্ড।

প্রথমার্ধ শেষ হওয়ার আগমুহূর্তে আবারও জালে বল পাঠান বালোগান। দুই ডিফেন্ডারকে পরাস্ত করে করা তার এই গোল যুক্তরাষ্ট্রকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেয়।

দ্বিতীয়ার্ধে কিছুটা উত্তেজনাও দেখা যায়। একটি ঘটনায় রেফারি প্রথমে যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার রিমকে হলুদ কার্ড দেখালেও পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির সহায়তায় সিদ্ধান্ত পরিবর্তন করেন। বরং ঘটনাটিকে নাটকীয়তার আশ্রয় নেওয়া হিসেবে বিবেচনা করে প্যারাগুয়ের মিগুয়েল আলমিরনকে সতর্ক করা হয়।

ম্যাচে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায় প্যারাগুয়ে। বদলি খেলোয়াড় মাউরিসিও আলমিরনের পাস থেকে গোল করে ব্যবধান কিছুটা কমান।

তবে শেষ মুহূর্তে জিও রেইনার গোল সব আলোচনা শেষ করে দেয়। তার গোলেই ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত করে যুক্তরাষ্ট্র এবং বিশ্বকাপের ইতিহাসে নিজেদের সর্বোচ্চ গোলের নতুন মাইলফলক স্পর্শ করে।

এই জয় বিশ্বকাপের শুরুতেই যুক্তরাষ্ট্রের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। একই সঙ্গে মরিসিও পচেত্তিনোর অধীনে দলটি যে আক্রমণাত্মক ও আধুনিক ফুটবলের পথে এগোচ্ছে, সেই বার্তাও স্পষ্টভাবে দিয়েছে।