ভিনিসিয়ুসের গোলে হার এড়াল ব্রাজিল, মরক্কোর সঙ্গে ড্র
মরক্কোর বিপক্ষে ম্যাচের শুরুতেই চাপে পড়ে ব্রাজিল। প্রথমার্ধে গোল হজম করে পিছিয়ে গেলেও ভিনিসিয়ুস জুনিয়রের দারুণ এক গোল সেলেসাওদের ম্যাচে ফিরিয়ে আনে। শেষ পর্যন্ত ১-১ গোলের সমতায় শেষ হয় দুই দলের লড়াই।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় মরক্কো। হাই প্রেসিং কৌশলে ব্রাজিলের রক্ষণভাগকে ব্যস্ত রাখে আফ্রিকার প্রতিনিধিরা। প্রথম ১০ মিনিটে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে এগিয়েও ছিল তারা।
আরও পড়ুন: চট্টগ্রামের বদলে বিসিবির ভরসা এখন সিলেট
ধীরে ধীরে ম্যাচে ফেরে ব্রাজিল। এক পর্যায়ে দ্রুতগতির কাউন্টার অ্যাটাক থেকে গোলের সুযোগও তৈরি করে দলটি। সতীর্থের পাস পেয়ে মরক্কোর বক্সে ভালো অবস্থানে ছিলেন ইগর থিয়াগো। তবে সহজ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন তিনি।
ম্যাচের ২১তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় মরক্কো। ডিফেন্স চেরা একটি পাস ধরে এগিয়ে আসা গোলরক্ষক অ্যালিসন বেকারকে পরাস্ত করে চিপ শটে বল জালে পাঠান ফরোয়ার্ড ইসমায়েল সাইবারি। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় মরক্কো।
আরও পড়ুন: প্রতিপক্ষের জালে ঠিকই ৭ গোল করে বসবে তারা: মরিনহো
পিছিয়ে পড়ার পর আক্রমণের গতি বাড়ায় ব্রাজিল। এর ফলও পেয়ে যায় তারা। ৩২তম মিনিটে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে চমৎকার ফিনিশিংয়ে সমতা ফেরান ভিনিসিয়ুস জুনিয়র। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।
বিরতির পর দুই দলই জয়ের লক্ষ্যে আক্রমণ চালিয়ে যায়। ব্রাজিল কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও শেষ মুহূর্তের ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পায়নি। অন্যদিকে মরক্কোও পাল্টা আক্রমণে হুমকি সৃষ্টি করলেও স্কোরলাইন আর বদলাতে পারেনি।
ফলে নির্ধারিত সময় শেষে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল ও মরক্কো।





