জোড়া গোলে ফিরলেন নেইমার

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ১১:১৮ পূর্বাহ্ন, ২৬ জুলাই ২০২৬ | আপডেট: ২:১০ অপরাহ্ন, ২৬ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিশ্বকাপে প্রত্যাশিত সুযোগ না পাওয়া এবং শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের বিদায়ের পর নানা সমালোচনার মুখে পড়েছিলেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। বিশ্বকাপ শেষে পোকার খেলায় অংশ নেওয়ায় নতুন বিতর্কও তৈরি হয়। তবে মাঠে ফিরেই জোড়া গোল করে নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন এই ব্রাজিলিয়ান তারকা।

রোববার ব্রাজিলেইরো সিরি ‘এ’-তে চ্যাপেকোয়েন্সের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে সান্তোস। দলের হয়ে দুটি গোলই করেন নেইমার। বিশ্বকাপে মাত্র দুটি ম্যাচে বদলি হিসেবে প্রায় ৩৫ মিনিট খেলার সুযোগ পাওয়া এই তারকা এবার সান্তোসের হয়ে পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন।

আরও পড়ুন: অবশেষে জনসমক্ষে লিওনেল মেসি!

ম্যাচের ৩৬ মিনিটে সতীর্থের সঙ্গে দারুণ বোঝাপড়ার পর আলতো শটে প্রথম গোল করেন নেইমার। গোল উদযাপনে পোকার খেলার ভঙ্গি করে আবারও আলোচনায় আসেন তিনি। পরে ৫১ ও ৬২ মিনিটে দুটি গোল করে এগিয়ে যায় চ্যাপেকোয়েন্স। তবে ম্যাচের ৮৯ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করে সান্তোসকে হার এড়ান নেইমার।

বিশ্বকাপের আগে এটিকে নিজের শেষ বিশ্বকাপ হিসেবে দেখছিলেন নেইমার। কার্লো আনচেলত্তির দলে জায়গা পেলেও ফিটনেস সমস্যার কারণে দুটি ম্যাচেই শেষদিকে বদলি হিসেবে নামানো হয় তাকে। শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে ২-১ ব্যবধানে হারের ম্যাচে ব্রাজিলের একমাত্র গোলটি আসে নেইমারের পেনাল্টি থেকে।

আরও পড়ুন: বিশ্বকাপে আলো ছড়ানো ভোজিনহা এবার চিলির ক্লাবে যোগ দিচ্ছেন

বিশ্বকাপ শেষে বিদায়ের ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়ে আলোচনায় আসেন নেইমার। তবে সেটি বিশ্বকাপ থেকে নাকি জাতীয় দল থেকেই বিদায়—সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি তিনি।

এরপর নিউইয়র্কে একটি পোকার টুর্নামেন্টে অংশ নেন নেইমার। দেশে ফেরার পর সাও পাওলোতেও আরেকটি পোকার প্রতিযোগিতায় অংশ নেওয়ায় সমালোচনা আরও বাড়ে।

সমালোচনার জবাবে নেইমার বলেন, তিনি অনুশীলনেই মনোযোগ দিচ্ছেন এবং ব্যক্তিগত জীবন নিয়ে অযথা সমালোচনা না করার আহ্বান জানান।