নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার

Any Akter
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ন, ১৮ অগাস্ট ২০২৬ | আপডেট: ১০:৪৪ অপরাহ্ন, ১৮ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গোলরক্ষক সময় নষ্ট করলে শাস্তি হিসেবে দলের একজন খেলোয়াড়কে এক মিনিটের জন্য মাঠের বাইরে থাকতে হবে—ফুটবলে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে এমন নতুন নিয়ম। ব্রাজিলের শীর্ষ ফুটবল লিগ সিরি আ-তে প্রথমবার এই নিয়মে শাস্তি পেয়েছেন সান্তোসের অধিনায়ক নেইমার। সোমবার (১৬ আগস্ট) ভাস্কোর বিপক্ষে সান্তোসের ৩-০ গোলের জয়ের ম্যাচে নতুন নিয়মটি প্রয়োগ করা হয়। ম্যাচে সান্তোসের গোলরক্ষক গ্যাব্রিয়েল ব্রাজাও চিকিৎসার জন্য খেলা বন্ধ রাখার অনুরোধ করেন।

নিয়ম অনুযায়ী, গোলরক্ষকের চিকিৎসার কারণে খেলা বন্ধ থাকলে খেলা পুনরায় শুরুর সময় কোচকে অবশ্যই দলের একজন আউটফিল্ড খেলোয়াড়কে এক মিনিটের জন্য মাঠের বাইরে পাঠানোর জন্য নির্বাচন করতে হবে।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

এ ক্ষেত্রে কোচের হাতে সময় থাকবে মাত্র ১০ সেকেন্ড। নির্ধারিত সময়ের মধ্যে কোচ কোনো খেলোয়াড়কে নির্বাচন করতে না পারলে দলের অধিনায়ককে এক মিনিটের জন্য মাঠ ছাড়তে হবে।

ভাস্কোর বিপক্ষে ম্যাচে সান্তোস কোচ ১০ সেকেন্ডের মধ্যে কোন খেলোয়াড়কে মাঠ থেকে তুলে নেবেন, সে সিদ্ধান্ত নিতে পারেননি। ফলে রেফারি সান্তোসের অধিনায়ক নেইমারকে মাঠের বাইরে যাওয়ার নির্দেশ দেন।

আরও পড়ুন: টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

ফলে নতুন এই নিয়মের প্রথম শাস্তিপ্রাপ্ত খেলোয়াড় হিসেবে নেইমারের নাম উঠে আসে।

গোলরক্ষকদের ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করার প্রবণতা কমানো এবং ম্যাচের খেলার সময় বাড়ানোর লক্ষ্যেই এই ধরনের নিয়ম পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে। প্রিমিয়ার লিগসহ অন্যান্য প্রতিযোগিতাতেও নিয়মটি পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হচ্ছে।