যুক্তরাষ্ট্রে গুগল এআই প্লাসের দাম কমল
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সেবার বাজারে নতুন প্রতিযোগিতার সূচনা করেছে গুগল। ব্যবহারকারী সংখ্যা বাড়াতে প্রতিষ্ঠানটি তাদের গুগল এআই প্লাস (Google AI Plus) সাবস্ক্রিপশন সেবার মাসিক মূল্য কমানোর পাশাপাশি তথ্য সংরক্ষণের সুবিধা দ্বিগুণ করেছে।
গুগলের ঘোষণায় বলা হয়েছে, গুগল এআই প্লাস সেবার মাসিক খরচ ৭ দশমিক ৯৯ ডলার থেকে কমিয়ে ৪ দশমিক ৯৯ ডলার করা হয়েছে। একই সঙ্গে এই প্যাকেজে থাকা ক্লাউড স্টোরেজ সুবিধা ২০০ গিগাবাইট থেকে বাড়িয়ে ৪০০ গিগাবাইট করা হয়েছে।
আরও পড়ুন: হঠাৎ সার্ভার ডাউন ফেসবুক ও মেসেঞ্জার, ব্যবহারকারীদের লগআউট
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এআই সাবস্ক্রিপশন বাজারে এখনো বড় ধরনের মূল্য প্রতিযোগিতা দেখা না গেলেও গুগলের এই পদক্ষেপ সেই পরিস্থিতি বদলে দিতে পারে।
চলতি বছরের জানুয়ারিতে চালু হওয়া গুগল এআই প্লাস ছিল যুক্তরাষ্ট্রে গুগলের সবচেয়ে কম মূল্যের এআই সাবস্ক্রিপশন সেবা। মূলত সাধারণ ব্যবহারকারী এবং শিক্ষার্থীদের লক্ষ্য করেই এই প্যাকেজ চালু করা হয়।
আরও পড়ুন: দীর্ঘতম সূর্যগ্রহণের অপেক্ষায় বিশ্ব
এই সেবার মাধ্যমে ব্যবহারকারীরা গুগলের উন্নত এআই মডেল জেমিনি (Gemini)-এর বিভিন্ন সুবিধা, ভিডিও তৈরির টুল, গবেষণাসহায়তা এবং লেখালেখির জন্য বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সরঞ্জাম ব্যবহার করতে পারেন।
গুগলের পণ্য বিভাগের কর্মকর্তা বিকাশ কানসাল জানিয়েছেন, নতুন স্টোরেজ সুবিধা আগামী কয়েক দিনের মধ্যে ব্যবহারকারীদের অ্যাকাউন্টে যুক্ত হবে।
বিশ্লেষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবাগুলো ধীরে ধীরে সাধারণ ভোক্তা পণ্যে পরিণত হচ্ছে। ফলে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখন শুধু উন্নত প্রযুক্তি নয়, বরং কম খরচে সহজ ও কার্যকর সেবা দেওয়ার মাধ্যমে ব্যবহারকারী ধরে রাখার কৌশল গ্রহণ করছে।
ভেঞ্চার বিনিয়োগ প্রতিষ্ঠান গুডওয়াটার ক্যাপিটাল-এর সহপ্রতিষ্ঠাতা চি-হুয়া চিয়েন বলেন, প্রযুক্তিখাতে বড় ধরনের পরিবর্তনের সময় অবকাঠামোভিত্তিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে মূল্য প্রতিযোগিতা দেখা যায়। তার মতে, এআই শিল্পেও ভবিষ্যতে একই ধরনের প্রবণতা আরও জোরালো হতে পারে।
তিনি বলেন, বেশিরভাগ ব্যবহারকারী কোনো সেবার পেছনে কোন প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে, সেটির চেয়ে কম খরচে ভালো সেবা পাওয়াকেই বেশি গুরুত্ব দেন।
এর আগে ভারতসহ বিভিন্ন দেশে কম মূল্যের এআই সেবা চালু করেছে একাধিক প্রযুক্তি প্রতিষ্ঠান। গত বছর ওপেনএআই ভারতে স্বল্পমূল্যের চ্যাটজিপিটি সেবা চালু করার পর গুগলও একই ধরনের উদ্যোগ নেয়।
বিশ্লেষকদের ধারণা, এবার যুক্তরাষ্ট্রের বাজারে কম দাম ও বাড়তি সুবিধার মাধ্যমে বড় ব্যবহারকারীভিত্তি গড়ে তোলার কৌশল নিয়েছে গুগল। একই সঙ্গে ওপেনএআই ও অ্যানথ্রপিকের মতো প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের ওপরও এই সিদ্ধান্ত প্রভাব ফেলতে পারে। ফলে সামনের দিনে এআই খাতে মূল্যভিত্তিক প্রতিযোগিতা আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে।





