ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে: বিটিআরসি
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, ব্যবহৃত মোবাইল ফোন অন্যের কাছে হস্তান্তর বা বিক্রি করার আগে অবশ্যই নিবন্ধন বাতিল করতে হবে। এটি ‘ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)’ সিস্টেমের পূর্ণাঙ্গ চালুর পর প্রযোজ্য নির্দেশনা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিটিআরসির স্পেকট্রাম বিভাগ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের মোবাইল ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে এনইআইআর সিস্টেম গত ১ জানুয়ারি থেকে পূর্ণাঙ্গভাবে কার্যকর হয়েছে।
আরও পড়ুন: এআইয়ের অনিয়ন্ত্রিত অগ্রযাত্রা নিয়ে শঙ্কা, তদারকিতে তৃতীয় পক্ষের উদ্যোগ
বিটিআরসি জানিয়েছে, এনইআইআর চালুর মাধ্যমে বর্তমানে দেশের মোবাইল নেটওয়ার্কে সচল থাকা সব মোবাইল ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়েছে। এটি অবৈধ ও চোরাই মোবাইল ফোন ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নিজের নামে নিবন্ধিত মোবাইল ফোনের সিমকার্ড পরিবর্তন, হস্তান্তর বা বিক্রির আগে সংশ্লিষ্ট ফোনটি ডি-রেজিস্ট্রেশন করতে হবে। অর্থাৎ হ্যান্ডসেটটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থেকে নিবন্ধন বাতিল বা অবমুক্ত করতে হবে।
আরও পড়ুন: আইফোন ১৮ প্রো বনাম আইফোন ১৫ প্রো তিন বছরে কতটা বদলাবে?
ডি-রেজিস্ট্রেশন প্রক্রিয়ার জন্য সিম ক্রয়ের সময় ব্যবহৃত ডকুমেন্ট—জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট নম্বরের শেষ চারটি সংখ্যা—প্রয়োজন হবে।
বিটিআরসি জানিয়েছে, ডি-রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করতে হবে neir.btrc.gov.bd। এছাড়া বিটিআরসি কল সেন্টার ১০০ নম্বরে যোগাযোগ করা যাবে বা মোবাইল অপারেটরের নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টার থেকেও সহায়তা নেওয়া যাবে।





