ফেসবুক হঠাৎ ডাউন, ডেস্কটপ ভার্সনে ভোগান্তিতে ব্যবহারকারীরা
বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ডেস্কটপ সংস্করণে হঠাৎ কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। রোববার দুপুর থেকে অনেক ব্যবহারকারী প্ল্যাটফর্মটিতে প্রবেশ করতে গিয়ে পেজ লোড না হওয়া কিংবা ‘Account Temporarily Unavailable’ ধরনের বার্তার মুখোমুখি হচ্ছেন।
ফেসবুকের ডেস্কটপ সংস্করণে রোববার (১৯ জুলাই) দুপুর থেকে কারিগরি ত্রুটির কারণে বিঘ্ন দেখা দিয়েছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশের অনেক ব্যবহারকারীও প্ল্যাটফর্মটি ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন।
আরও পড়ুন: এআইয়ের অনিয়ন্ত্রিত অগ্রযাত্রা নিয়ে শঙ্কা, তদারকিতে তৃতীয় পক্ষের উদ্যোগ
ব্যবহারকারীদের অভিযোগ, ফেসবুকে প্রবেশ করতে গেলে অনেক ক্ষেত্রে পেজ লোড হচ্ছে না। আবার কারও কারও স্ক্রিনে ‘Account Temporarily Unavailable’ বা ‘Account Temporarily Disabled’-জাতীয় বার্তা দেখা যাচ্ছে। ফলে স্বাভাবিকভাবে ফেসবুক ব্যবহার করা সম্ভব হচ্ছে না।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি মেটার সার্ভার-সংক্রান্ত সমস্যা বা ব্যাকএন্ড সিস্টেম আপডেটের কারণে ঘটতে পারে। এ ধরনের পরিস্থিতিতে নির্দিষ্ট সময়ের জন্য কিছু ব্যবহারকারীর অ্যাকাউন্ট বা ওয়েবসাইটে প্রবেশে সাময়িক বিঘ্ন দেখা দিতে পারে।
আরও পড়ুন: আইফোন ১৮ প্রো বনাম আইফোন ১৫ প্রো তিন বছরে কতটা বদলাবে?
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে মেটা আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। সমস্যাটি কত সময়ের মধ্যে পুরোপুরি সমাধান হবে, সে বিষয়েও কোনো তথ্য জানানো হয়নি।
প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের সমস্যা দেখা দিলে ব্যবহারকারীদের অযথা বারবার পাসওয়ার্ড পরিবর্তন বা নতুন করে অ্যাকাউন্ট খোলার চেষ্টা না করে কিছু সময় অপেক্ষা করা উচিত। সার্ভারজনিত সমস্যা সমাধান হলে সাধারণত সেবাও স্বাভাবিক হয়ে আসে।





