ইফতারে ২৫০ মিলি পানির বোতল বহনের অনুমতি

রমজানে সকাল সাড়ে ৬টা থেকে রাত ১০টা ১০ পর্যন্ত চলবে মেট্রোরেল

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ন, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৮:০৬ অপরাহ্ন, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পবিত্র রমজান মাসে অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে রাজধানীর মেট্রোরেলে চালু হচ্ছে বিশেষ সময়সূচি। ১ রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক কর্মদিবসে এই সময়সূচি কার্যকর থাকবে। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

সোমবার এক বিজ্ঞপ্তিতে ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম জানান, রমজান মাসে যাত্রীদের সুবিধা বিবেচনায় ট্রেন চলাচলের সময় পুনর্নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: মেট্রোরেলের নতুন সময়সূচি: ইফতারে সঙ্গে রাখা যাবে ২৫০ মিলি পানি

বিজ্ঞপ্তি অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে দিনের প্রথম মেট্রোরেল ছেড়ে যাবে সকাল সাড়ে ৬টায়। একই স্টেশন থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত সাড়ে ৯টায়। অন্যদিকে মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল সোয়া ৭টায় এবং সর্বশেষ ট্রেন ছেড়ে যাবে রাত ১০টা ১০ মিনিটে।

ডিএমটিসিএল জানিয়েছে, এই বিশেষ সময়সূচি শুধুমাত্র সাপ্তাহিক কর্মদিবসে প্রযোজ্য হবে। শনিবার, শুক্রবার এবং অন্যান্য সরকারি ছুটির দিনের সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি; সেসব দিনে আগের নির্ধারিত সময়সূচিই বহাল থাকবে।

আরও পড়ুন: নির্বাচন-গণভোট শেষে সড়কে ফিরেছে যান চলাচল

রমজানে ইফতারের সময় যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনাও জারি করা হয়েছে। ইফতারের সময় পানি পান করার উদ্দেশ্যে প্রত্যেক যাত্রী সর্বোচ্চ ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন। তবে পানি যেন ট্রেন বা স্টেশন এলাকায় পড়ে না যায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

ব্যবহৃত পানির বোতল প্ল্যাটফর্ম, কনকোর্স, এন্ট্রি অথবা এক্সিট গেটসংলগ্ন নির্ধারিত ডাস্টবিনে ফেলতে হবে বলেও জানানো হয়েছে। পাশাপাশি প্ল্যাটফর্ম, কনকোর্স ও মেট্রোরেলের ভেতরে অন্য কোনো ধরনের খাবার গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলে স্পষ্ট করা হয়েছে।

ডিএমটিসিএল কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, যাত্রীদের সহযোগিতায় রমজান মাসেও শৃঙ্খলাপূর্ণ ও নিরাপদ পরিবেশে মেট্রোরেল চলাচল অব্যাহত থাকবে।