আজ বিক্রি হচ্ছে ২৬ মে’র ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে আজ শনিবার (১৬ মে) ২৬ মে’র আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে।
বাংলাদেশ রেলওয়ের তথ্য অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে। আর পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।
আরও পড়ুন: ঈদুল আজহা উপলক্ষে বুধবার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
রেলওয়ের বিশেষ কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের আগে পাঁচ দিনের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট ধাপে ধাপে বিক্রি করা হচ্ছে। এর আগে ২৩ মে’র টিকিট ১৩ মে, ২৪ মে’র টিকিট ১৪ মে এবং ২৫ মে’র টিকিট ১৫ মে বিক্রি করা হয়েছে। আগামী ১৭ মে বিক্রি করা হবে ২৭ মে’র টিকিট।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী ঈদ অগ্রিম যাত্রার জন্য সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক চারটি টিকিট ক্রয় করা যাবে। তবে অগ্রিম কেনা টিকিট ফেরতযোগ্য নয়।
আরও পড়ুন: বাসের পর এবার লঞ্চের ভাড়া বাড়ল, কিলোমিটারপ্রতি নতুন হার নির্ধারণ
এদিকে যাত্রীদের অতিরিক্ত চাহিদার কথা বিবেচনায় রেখে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। তবে উচ্চ শ্রেণির আসনের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে না।
বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে’র টিকিট বিক্রির তারিখ পরবর্তীতে নির্ধারণ করা হবে।





