ঈদ ফেরত যাত্রা: আজ মিলবে ২ জুনের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ন, ২৩ মে ২০২৬ | আপডেট: ১২:৫৮ অপরাহ্ন, ২৩ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে ঘরমুখো মানুষের ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে আন্তঃনগর ট্রেনের অগ্রিম ফিরতি টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে আজ বিক্রি করা হবে আগামী ২ জুনের ট্রেনের আসনের টিকিট।

শনিবার (২৩ মে) সকাল ৮টা থেকে রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে। একই দিন দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি করা হবে।

আরও পড়ুন: ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ ই-রিকশা

রেলওয়ে সূত্র জানিয়েছে, যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। ফলে কাউন্টারে টিকিট বিক্রি করা হবে না।

ঈদ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের বিশেষ কর্মপরিকল্পনা অনুযায়ী, ৩১ মের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি করা হয়েছে ২১ মে। আগামী ৩ জুনের টিকিট বিক্রি হবে ২৪ মে এবং ৪ জুনের টিকিট বিক্রি করা হবে ২৫ মে।

আরও পড়ুন: ব্যাটারিচালিত যানবাহনের জন্য আলাদা লেন ও চার্জিং স্টেশনসহ ৬ দাবি

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের অগ্রিম টিকিট একবার কেনার পর তা ফেরত দেওয়া যাবে না। এছাড়া একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন।

একাধিক টিকিট কেনার ক্ষেত্রে সহযাত্রীদের নামও টিকিট কেনার সময় উল্লেখ করতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

ঈদকে কেন্দ্র করে বাড়তি যাত্রীর চাপ সামাল দিতে ট্রেন পরিচালনা, অনলাইন টিকিট ব্যবস্থাপনা এবং স্টেশন নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।