সাগরে লঘুচাপ, বৃষ্টির সম্ভাবনা

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ২:০০ অপরাহ্ন, ২৭ জুলাই ২০২৩ | আপডেট: ৮:০০ পূর্বাহ্ন, ২৭ জুলাই ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূলের অদূরে পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপের সৃষ্টি হয়েছে। লঘুচাপটি বর্তমানে দক্ষিণ উড়িষ্যা এবং তৎসংলগ্ন উত্তর অন্ধ্র প্রদেশ এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, মধ্য প্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের মধ্যাঞ্চল এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আরও পড়ুন: জয়পুরহাটে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‍্যাব

তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩%।

বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গা ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস।