নারায়ণগঞ্জে পদ্মা ডিপো এলাকায় ড্রেনে মিললো ফেনসিডিল বোতল

Abid Rayhan Jaki
নারায়ণগঞ্জ সংবাদদাতা
প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ন, ১৩ জুন ২০২৪ | আপডেট: ৯:১৭ পূর্বাহ্ন, ১৮ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ড মাদকের স্বর্গরাজ্য খ্যাত এলাকা। বছর না পেরোতেই ফের ড্রেন পরিষ্কার করতে গিয়ে পাওয়া গেছে ফেনসিডিল ও মদের খালি কয়েকশত বোতল।

বৃহস্পতিবার (১৩ জুন) ৬ নং ওয়ার্ডের মণ্ডলপাড়া এলাকার ড্রেন পরিষ্কার করতে গিয়ে ড্রেনের ভিতর থেকে নাসিকের পরিচ্ছন্নতাকর্মীরা ফেনসিডিল ও মদের এসব খালি বোতল পায়।

আরও পড়ুন: নরসিংদীতে দুই বন্ধুর ঝুলন্ত লাশ উদ্ধার

মণ্ডলপাড়ার আশপাশের অধিকাংশ ড্রেনেই ফেনসিডিলের হাজার হাজার খালি বোতল পানি নিষ্কাসনের পথে প্রতিবন্ধকতা তৈরি করেছে। ফলে বৃষ্টি হলেই এ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা।

এরআগেও গতবছর বৃষ্টির পানিতে জলাবদ্ধতা দেখা দিলে ড্রেন সংস্কার করতে গিয়ে পাওয়া গিয়েছিল ফেনসিডিলের হাজারও খালি বোতল। এদিকে স্থানীয়দের অভিযোগ- নাসিক ৬ নং ওয়ার্ডের পুরো এলাকা মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। এরপরও রহস্যজনক ভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথাযথ নজড় নেই ওই এলাকাটিতে।

আরও পড়ুন: নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান নেওয়া সেই এএসপি বদলি

এলাকাবাসী জানায়, শুধু ফেনসিডিলের বোতলই নয় ড্রেনটি পরিষ্কার করাকালীন সময়ে এর আগেও বিভিন্ন প্রকার মদের বোতল মিলেছে বহুবার। এরপরও এলাকাটিকে মাদকমুক্ত করার জন্য প্রশাসনের উল্লেখযোগ্য কোন উদ্যোগ চোখে পড়েনা।

জানা যায়, সন্ধ্যা হলেই মাদকদ্রব্যের রমরমা বেচা-কেনা বাড়ে ওই এলাকায়। এমনকি দিনেও প্রকাশ্যে চলে মাদক বেচা-কেনা ও সেবন। এসও রোড কিংবা কবরস্থানের মতো জায়গাও বাদ যাচ্ছে না মাদক সংশ্লিষ্টদের দৌরাত্ম থেকে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক ক্লিক নারায়ণগঞ্জকে বলেন, আমি থানায় যোগদানের পর থেকেই মাদক, কিশোর গ্যাং সহ সকল অপরাধের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়ে যাচ্ছি। এক্ষেত্রে জনসাধারণকে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করতে হবে। ইনশাআল্লাহ, অচিরেই সিদ্ধিরগঞ্জ থেকে মাদকের আগ্রাসন দূর করা হবে। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মতিউর রহমান মতি ক্লিক নারায়ণগঞ্জকে বলেন, একসাথে এতগুলো ফেনসিডিলের খালি বোতল ড্রেনের মধ্যে পাওয়ার বিষয়টি স্বাভাবিক নয়। আমি সর্বক্ষণ মাদকের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি। মাদকের বিস্তার রোধে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। যুবসমাজকে ভয়ঙ্কর মাদকের হাত থেকে রক্ষা করতে পুলিশ প্রশাসনকে খুঁজে বের করতে হবে ফেনসিডিলের খালি বোতলের উৎস। শীঘ্রই প্রশাসনের সহযোগীতায় আমরা ওয়ার্ড থেকে মাদক নির্মূল করবো ইনশাআল্লাহ।